ব্রিটেনের হিথ্রো বিমানবন্দর পার হওয়া যাবে পাসপোর্ট ছাড়াই

ব্রিটেনের হিথ্রো বিমানবন্দর পার হওয়া যাবে পাসপোর্ট ছাড়াই।

সম্প্রতি বড় দুটি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বিশ্বের দুটি দেশ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার রেশ না কাটতেই বিশ্ববাসী আতঙ্কিত হয়েছে শ্রীলঙ্কার হামলার ঘটনায়। আর এই হামলার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরগুলোতে জারি করা হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই নিরাপত্তা ব্যবস্থায় এবার যুক্ত হলো ব্রিটেনের সবচেয়ে বড় ও বিখ্যাত হিথ্রো বিমানবন্দর।
জানা গেছে, যাত্রীদের শনাক্ত করতে নিয়োগ দেয়া হচ্ছে অতিরিক্ত কর্মী। আর এরই সাথে নেওয়া হবে সর্বাধুনিক প্রযুক্তির সাহায্য। আগামী গ্রীষ্মের সময়কাল থেকে এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে যাত্রীদের আর পাসপোর্টের দরকার হবে না। শুধু একটি ক্যামেরার সামনে দাঁড়িয়েই প্লেনে ওঠার অনুমতি মিলবে যাত্রীদের।
ক্যামেরার সামনে দাঁড়ালে যাত্রীদের পাসপোর্ট ও ছবির তথ্য স্ক্যান করে ডাটাবেজে সংরক্ষণ করার এই পদ্ধতিটিকে বলা হচ্ছে ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি।
আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের দেওয়া তথ্যমতে, লন্ডনের অন্যতম ব্যস্ত আরেক বিমানবন্দর গ্যাটউইকেও খুব তাড়াতাড়ি ক্যামেরায় ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে।
এ বিষয়ে এভিয়েশন কনসালট্যান্ট অ্যালেক্স ম্যাকহেরাস বলেন, আমেরিকার প্রধান বিমানবন্দরগুলোতে এই প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে তৈরি এই প্রযুক্তিটি বেশ কার্যকর। তবে এই পদ্ধতিটিতে তথ্য সুরক্ষার ব্যাপারে গ্রাহকের কিছুটা উদ্বিগ্নতা থাকতে পারে বলেও জানান তিনি।
সম্পূর্ণ এই সিস্টেমটি চালু করতে হিথ্রো কর্তৃপক্ষের ব্যয় হচ্ছে ৫০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৫শ ৪২ কোটি টাকা)।

Comments (0)
Add Comment