পাখির আঘাতের কারনেই জরুরি অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট

পাখির আঘাতের কারনেই জরুরি অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ মডেলের একটি উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

সোমবার সকাল আটটা ১৭ মিনিটে ৭০ জন আরোহী নিয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী বিজি ১৪৩৩ ফ্লাইটের ড্যাশ উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। প্রায় এক ঘণ্টা আকাশে থাকার পর সকাল নয়টা ১৭ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, পাখি আঘাত করায় বিমানটিকে পাইলট জরুরি অবতরণ করিয়েছেন। পরে আজ দুপুর ১২টার দিকে আবারও ওই বিমান ৭০ আরোহীকে নিয়ে পূর্ব নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ (জনসংযোগ) বলেন, বিমানটি টেক অফের পর ককপিট ক্রু লক্ষ করেন বার্ড হিট (পাখি আঘাত) হয়েছে। পরবর্তীতে পাইলট গন্তব্য না গিয়ে পুনরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। উড়োজাহাজটি পরীক্ষা নিরীক্ষা শেষে আবার গন্তব্যে যাত্রা করেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানা গেছে, উড়োজাহাজটি সকাল আটটার দিকে ঢাকা ছেড়ে যায়। এ সময় উড়োজাহাজ থেকে একটা শব্দ পাওয়া যায়। পাইলট ভেবেছিলেন সামনের চাকা ফেটে গেছে। বিমানটি প্রথমে ঢাকা ছেড়ে প্রায় চট্টগ্রামের দিকে যায়। কিছুক্ষণ পর আবার ঢাকার দিকে ঘুরিয়ে নিয়ে আসেন পাইলট। সকাল সোয়া নয়টার দিকে এটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

পরে দেখা গেছে, বিমানটির চাকা ফেটে যায়নি। উড়োজাহাজের ককপিটের সামনের অংশে একটি পাখি আঘাত করেছিল। ককপিটের সামনে কিছুটা রক্ত লেগে থাকতে দেখা গেছে। উড়োজাহাজটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Comments (0)
Add Comment