যুক্তরাষ্ট্র অফিস: বাঙালির অহংকার, সম্মান ও মর্যাদার স্মারক গর্বের একুশ। এমন একটি অর্থবহ সংখ্যায় পদার্পণ করলো চ্যানেল আই। বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণ উপলক্ষে প্রবাসের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বকারি প্রবাসী এবং কূটনীতিকদের মেলা বসেছিল নিউইয়র্কের জ্যাকসন হাইটসের চ্যানেল আই অফিস প্রাঙ্গনে। অনুষ্ঠানটি প্রাণে প্রাণে মিশে গিয়েছিল শুভেচ্ছা আর ধন্যবাদের পালায়। কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি আয়োজকরা। বিনিময়ে দৃশ্যমান ফুলেল শুভেচ্ছাও মিলেছে চ্যানেল আই-এর।
‘হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ’ স্লোগান ধারণ করে ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু করে চ্যানেল আই। একুশ বছরে পদার্পন উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বর্ণাঢ্য এ অনুষ্ঠান শুরু হয় সবিতা দাসের নেতৃত্বে বহ্নিশিখা’র শিল্পীদের দেশের গান পরিবেশনের মধ্য দিয়ে। এরপরই চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি পান্থ রহমান অনুষ্ঠানের সূচনা বক্তব্যে কীভাবে চ্যানেলটি বিশ্বব্যাপী বাঙালির প্রিয় চ্যানেলে পরিণত হয়েছে তা বিবৃত করেন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনাও পান্থকেই করতে হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এই চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, ‘বাংলাদেশ এগিয়ে চলছে। সেই গতি ত্বরান্বিত করতে মুক্তিযুদ্ধের চেতনার প্রবাসীদের সজাগ থাকতে হবে। বাংলাদেশকে থমকে দাঁড়িয়ে দিতে নানা ষড়যন্ত্র চলছে এবং তাতে মিডিয়ার লোকজনের সম্পৃক্ততাও পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে সচেতন বাঙালিরা সোচ্চার থাকবেন বলে আশা করছি।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের হেড অব চ্যান্সেরি ও কাউন্সেলর চৌধুরী সুলতানা পারভীন বলেন, চ্যানেল আইয়ের জনপ্রিয়তা বিশ্বব্যাপি। লাল-সবুজের পতাকা বহন করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছে।
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বিশিষ্ট রিয়েলটর মোর্শেদা জামান, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) সভাপতি লাবলু আনসার, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। চ্যানেল আইয়ের জন্মদিনে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান নিউইয়র্ক থেকে সম্প্রচারিত ইসলামিক টিভির সিইও মোহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সর্বস্তরের প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান উত্তর আমেরিকা অফিসের সিওও এবং যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ। তিনি বলেন, ‘সকলের আন্তরিক সহায়তায় চ্যানেল আই বর্তমান অবস্থানে উন্নীত হয়েছে। আশা করছি সামনের দিনগুলোতেও তা অব্যাহত থাকবে।’
২১ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়।
–