নাচনেওয়ালি মেহজাবিন

লাক্স চ্যানেল আই সুপারস্টার হয়ে মিডিয়াঙ্গনে পা রাখার পর থেকেই একের পর বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন মেহজাবিন। নাট্যাঙ্গনে নতুন প্রজন্মের অভিনেত্রীর মধ্যে শীর্ষ তালিকাতেও মেহজাবিনের নাম। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি পাচ্ছেন এ তারকা। টিভি অনুষ্ঠান এবং বিভিন্ন স্টেজ শোতে এখন নিয়মিত নাচ করছেন তিনি। তবে নিজে যে নৃত্যশিল্পী হবেন একথা কখনও স্বপ্নেও ভাবেননি।
বিষয়টি কেমন যেন হুট করেই ঘটে যাচ্ছে বলেই জানালেন মেহজাবিন। ছোটবেলা নাচের বিষয়ে কোনো শিক্ষকের কাছেও তালিম নেননি। অভিনয়ের পাশাপাশি নাচের প্রতি আগ্রহী কেন হচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে মেহজাবিন বলেন, ‘আসলে মঞ্চে আমাকে নাচতে হবে এমন কথা কখনই ভাবিনি। বলতে পারেন পরিচিতজনদের অনুরোধেই বিভিন্ন টিভি ও মঞ্চের অনুষ্ঠানে নাচ শুরু করি। এরপর থেকেই নাচের ব্যাপারে প্রস্তাব আসতে থাকে। এভাবেই বাড়ছে নাচের ব্যস্ততা। এর জন্য বর্তমানে নিয়মিত নাচের মাস্টারের কাছে তালিম নিচ্ছি।’ তবে ভালো নাচতে পারেন এমন দাবি একেবারেই করতে চান না এ তারকা। এ প্রসঙ্গে বলেন, ‘আমি বলব না যে খুব ভালো নাচ করতে পারছি; তবে শেখার চেষ্টা অব্যাহত রেখেছি। ভালো সাড়াও পাচ্ছি।
তাই এখন থেকে অভিনয়ের পাশাপাশি নাচটাও চালিয়ে যেতে চাই।’ কিছুদিন আগেও চট্টগ্রামের বোট ক্লাবে নাচের অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রাম ঘুরে এলেন তিনি। এর আগেও বেশ কয়েকটি স্টেজ শো’সহ টিভি অনুষ্ঠানেও নৃত্যের তালে কোমর দুলিয়েছেন এ লাস্যময়ী। নাচ নিয়ে উচ্ছ্বাস থাকলেও এ মুহূর্তে মেহজাবিন অভিনেত্রী তানিয়া আহমেদের পরিচালনায় স্বাধীনতা দিবসের একটি বিশেষ নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

Comments (0)
Add Comment