বদলে গেল বিমান সচিবও

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ক্যাব) চেয়ারম্যানের পর এবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদেও পরিবর্তন করা হয়েছে। নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম গোলাম ফারুক। পরিকল্পনা কমিশনের সদস্য এ কর্মকর্তাকে সোমবার বিমান মন্ত্রণালয়ে বদলি করা হয়।

বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলমকে বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ত্রুটির অজুহাত দেখিয়ে যুক্তরাজ্য ঢাকা থেকে সরাসরি পণ্যবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। গত বছরের শেষ দিকে একই কারণ দেখিয়ে সরাসরি পণ্যবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে অস্টেলিয়া। নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে এ মাসের শেষের দিকে ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধি দলও। সব মিলিয়ে এ খাতটি নিয়ে একরকম বিপাকেই পড়েছে সরকার।

দেশীয় পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ এ খাতটি নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। তবে অভিযোগকারী দেশগুলোর সব শর্তই মানা হবে বলে জানিয়েছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এরই পরিপ্রেক্ষিতে এসব গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থায় ক্রুটি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে প্রথমে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান সানাউল হককে সরিয়ে নতুন নিয়োগ দেয়া হয় এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীকে। এর তিনদিন পর সচিব পদেও রদবদল করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিমান ছাড়াও আরও ছয় মন্ত্রণালয়ে সচিব পদে বদলের আদেশ দেয়া হয়েছে।
আদেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বদলি করা হয়েছে। আর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
এছাড়া একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক ড. প্রশান্ত কুমার রায়কে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

এদিকে, পৃথক প্রজ্ঞাপনে ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) করা হয়েছে।

Comments (0)
Add Comment