শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর জ্যাকেটে ২০ স্বর্ণের বার।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ স্বর্ণের বারসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তার নাম অহিদুল আলম (৩০)।
রোববার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ দুই কেজি ৩৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন।
আটক অহিদুল আলম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্থায়ী বাসিন্দা। তবে তিনি দুবাইয়ে থাকেন।
বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, রোববার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে নামেন অহিদুল আলম। সন্দেহ হলেন ওই যাত্রীর দেহ তল্লাশি করা হয়। এসময় জ্যাকেটের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জিঞ্জাসাবাদে জানা যায়, প্রতি তিন-চার মাস পরপর তিনি দেশে আসেন। বিমানটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু অহিদুল আলম চট্টগ্রামের বাসিন্দা হওয়া স্বত্ত্বেও স্বর্ণের বারগুলি পৌঁছে দিতে তিনি ওই বিমানে ঢাকায় যাচ্ছিলেন।