বাংলাদেশিদের ফিরিয়ে আনতে চীনে বিমান যাচ্ছে শনিবার

বাংলাদেশিদের ফিরিয়ে আনতে চীনে বিমান যাচ্ছে শনিবার।

`করোনাভাইরাস` সতর্কতায় চীনের উহানসহ আরও কয়েকটি শহরে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ৩৭০ জনকে দেশে ফিরিয়ে আনতে শনিবার বিমান পাঠানো হবে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বিবিসি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট প্রস্তুত রাখা হয়েছে এবং সেটি চীনে গিয়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনবে।

তিনি আরও বলেন, `প্রয়োজনে আরও ফ্লাইট পাঠানো হবে। উহানসহ কয়েকটি শহরে যেসব বাংলাদেশির নাম তালিকাভুক্ত করা হয়েছে তাদের মধ্যে ৩৭০ জনকে দেশের আনার চেষ্টা করা হচ্ছে।`

তিনি জানান, ওই শিক্ষার্থীদের দেশে ফেরত আনার পর ঢাকায় হজ্ব ক্যাম্প ও উত্তরার একটি হাসপাতালে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, `আমরা শনিবারই তাদের ফিরিয়ে আনার বিষয়ে প্রস্তুত। তবে তারপরেও চীন সরকারের সম্মতির একটি বিষয় আছে। তার ওপরই সবকিছু নির্ভর করবে।`

এদিকে, শুক্রবার দিবাগত রাতেই করোনাভাইরাস সতর্কতায় বিশ্বব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত ভাইরাসের সংক্রমণে ১৭০ জন মারা যাওয়ার কথা নিশ্চিত করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। তবে ধারণা করা হচ্ছে, প্রকৃত মৃতের সংখ্যা ২০০ জনেরও বেশি। এছাড়া ৮ হাজারেরও বেশি লোক দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেছে বলে জানিয়েছে চীন সরকার।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরে এই ভাইরাস প্রথম ধরা পড়ে। এরপর দ্রুতই ভাইরাসটি ছড়িয়ে পড়ে দেশটির অন্যান্য প্রদেশে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চীন ছাড়িয়ে ভাইরাসটি আরও ১৮ টি দেশের অন্তত ৯৮ জনকে আক্রান্ত করেছে। এমনকি প্রতিবেশী ভারতের কলকাতায়ও গতকাল করোনাভাইরাস আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়েছে।

Comments (0)
Add Comment