ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো।

ভারত অবশেষে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাম বিলাস পাসোয়ান এ তথ্য নিশ্চিত করে টুইটারে পোস্ট দিয়েছেন। আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। ভারতের বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি প্রকাশিত হয়েছে।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটিতে রবি মৌসুমে উৎপাদিত পেঁয়াজের বাম্পার ফলন হওয়ার কারণে  ব্যাপক দরপতন হয়েছে। গত বছরের মার্চে যেখানে ২৮ দশমিক ৪ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে সেখানে এবছর একই সময়ে বাজারে আসবে ৪০ লাখ টনের বেশি। আর দেশটির খাদ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী এপ্রিলে পেঁয়াজ উৎপাদন হতে পারে ৮৬ লাখ মেট্রিক টন যা গত বছরে হয়েছিল ৬১ লাখ মেট্রিক টন। ফলে কৃষকের স্বার্থে পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নিতেই আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ বৈঠকের সিদ্ধান্ত বৈদেশিক বাণিজ্য বিষয়ক মহাপরিচালককে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করার পর আনুষ্ঠানিকভাবে পেঁয়াজ রফতানি শুরু করবে ভারত।

Comments (0)
Add Comment