জন যোগাযোগে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ

পুলিশের সঙ্গে জন যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

রাশেদ খান মেনন বলেন, সমাজে যে হারে অপরাধ বাড়ছে, মাদকে তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে, নারীরা সহিংসতার শিকার হচ্ছে, শিশুরা অরক্ষিত হয়ে পড়ছে সেখানে পুলিশের সঙ্গে জন যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ছিনতাই ও মাদকঘটিত যেসব ভয়ংকর অপরাধ ঘটছে তা প্রতিরোধের উদ্যোগ গ্রহণ করায় ঢাকা মেট্রোপলিটান পুলিশকে ধন্যবাদ জানান।

ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, নগরীর দুই কোটি বাসিন্দার সঙ্গে পুলিশ ওয়ান- টু-ওয়ান সংযোগের জন্য বিট পুলিশিং চালু করেছে।

অপরাধ দমনে মানুষকে সংগঠিত করে সামাজিক অপরাধের বিরুদ্ধে জনমত তৈরি ও প্রতিরোধে বিট পুলিশিং অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, সন্ত্রাস দমন ও অপরাধীদের আইনের আওতায় এনে একটি নিরাপদ নগরী গড়ে তুলতে চাই আমরা। পুলিশ জনগণকে হয়রানি করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কোনো থানার অফিসার মাদক ব্যবসায়ীর টাকা খাবে এটা মেনে নেওয়া হবে না।

নগরীর সব এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সবার তথ্য সংগ্রহের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, এপ্রিল থেকে এই তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা হবে। এর জন্য ডিএমপি’র অর্থায়নে একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে।

আছাদুজ্জামান বলেন, নাগরিকদের তথ্য অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হবে না। এই তথ্য কেবল পুলিশের কাছে থাকবে। তা শুধু অপরাধীদের খুঁজে বের করার কাজে ব্যবহৃত হবে।

সংসদ সদস্য শিরিন নাইম পুনম বলেন, পুলিশ এবং জনগণ একে অপরের বন্ধু। জনগণের বিপদে পুলিশই এগিয়ে আসে। তাই আমরা সাধারণ মানুষেরা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলে নিজেরাই উপকৃত হবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশের মতিঝিল থানার সভাপতি গোলাম আশরাফ তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (প্রশাসন) জামিল আহমেদ, মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন, মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিটো ও পল্টন থানার ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামান পপি প্রমুখ।

Comments (0)
Add Comment