যুক্তরাষ্ট্র অফিস: নিউইয়র্ক সিটির পাঁচটি বরোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কুইন্স বরো। বিশ্বের সবচেয়ে বেশী ভাষাভাষি মানুষের বসবাস এই বরোতেই। আট বছর পর কুইন্স বরো প্রেসিডেন্ট পদে আগামী ২৪ মার্চ বিশেষ নির্বাচন হচ্ছে। সঙ্গত কারণেই এই নির্বাচন নিয়ে নানা মহলের আগ্রহ রয়েছে। যারা প্রার্থী হয়েছেন তাদের নিয়েও কৌতুহল রয়েছে বরোর বাসিন্দাদের। প্রার্থীরা হলেন, নিউইয়র্ক সিটির বর্তমান কাউন্সিলম্যান কস্টা কনস্টানটিনিডেস ও ডোনাভান রিচার্ড, সাবেক কাউন্সিলউয়োম্যান এলিজাবেথ ক্রাউলি এবং নিউইয়র্ক পুলিশের সাবেক সার্জেন্ট অ্যান্থনি মিরিন্ডা।
কুইন্স বরোর উন্নয়ন, বিশেষ করে নাগরিক জীবনের সুযোগ-সুবিধা বাড়াতে এসব প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের সেইসব প্রতিশ্রুতি এবং কমিউনিটিকে নিয়ে আরো কী ভাবনা তাদের তা জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। কমিউনিটির পক্ষ থেকে বরো প্রেসিডেন্ট প্রার্থীদের নানান প্রশ্ন করা হয়েছিল। তারা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, সঙ্গে যোগ করেছেন নিজেদের অভিজ্ঞতার আলোকে নানান প্রতিশ্রতি এবং অঙ্গীকার করেছেন সেসব বাস্তবায়নের। দক্ষিণ এশীয় ও ইন্দো-ক্যারিবিয়ান কমিউনিটির কুইন্স বরো প্রেসিডেন্ট ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। আর এতে সহযোগিতা করেছে ছায়া সিডিসি, সেতু, সাউথ এশিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সার্ভিসেস, বাকডিস, সাবানি, অধিকার, ইন্ডিয়া হোম সিনিয়র কেয়ার এবং দ্য ক্যারিবিয়ান ইক্যুয়ালিটি প্রজেক্ট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছায়া সিডিসি’র বোর্ড মেম্বার আনুশকা চেড্ডি।
নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় দেরীতে অনুষ্ঠানে আসেন এলিজাবেথ ক্রাউলি। এর কিছুসময় পরে আসেন কস্টা কনস্টানটিনিডেস। তবে আগে থেকেই কস্টার প্রতিনিধিত্ব করেন তার পলিটিক্যাল ডাইরেক্টর এবং নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ থেকে ডেমোক্রেট পার্টির আগামী নির্বাচনে ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মৌমিতা আহমেদ। অনুষ্ঠানে আয়োজন সংগঠনের পক্ষ থেকে প্রার্থীদের নানা প্রশ্ন করা হয়। বেশিরভাগ প্রশ্ন ছিল কুইন্স বরোর উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি বিশেষ করে অ্যাফরডেবল হাউজিং, পার্ক, ট্রান্সপোর্টেশন সুবিধা ইত্যাদি। প্রতিটি প্রশ্নের উত্তর ছিল প্রায় অভিন্ন। তবে প্রার্থীরা কিছু বাড়তি বিষয় যোগ করেছেন।
দক্ষিণ এশিয়দের মধ্যে নির্বাচনী প্রচারে কোন ভাষাকে প্রার্থীরা বেশী প্রাধান্য দিয়েছেন এমন প্রশ্নের জবাবে সব প্রার্থীই ‘বাংলা’র কথা বলেছেন সবার আগে। এরপর ছিল নেপালী ও অন্যান্য ভাষা।
অনুষ্ঠানের শুরু থেকেই ছিলেন ডোনাভান রিচার্ড ও অ্যান্থনি মিরিন্ডা। ডোনাভান রিচার্ড শুরু থেকে বেশ স্বস্তঃস্ফূর্ত ছিলেন এবং দৃঢ়তার সঙ্গে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি সব জাতিগোষ্ঠী, বিশেষ করে ব্ল্যাক, ব্রাউন কোয়ালিশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমার কাছে ধর্ম-বর্ণ বড় বিষয় নয়। আমি সবার জন্য কাজ করবো। তিনি বলেন, আমি একজন যোগ্য প্রার্থী। আমার চেয়ে ভাল রেকর্ড আর কারো নেই। আপনারা এটা তুলনা করলেই বুঝতে পারবেন। তিনি বলেন, আমি হেইট ক্রাইম বন্ধ করার জন্য, পাবলিক সেফটি বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, আগে যতসংখ্যক মানুষ ডিপোর্ট হয়েছে গত বছর তা কমেছে। আমি ডিপোর্টেশনের বিরুদ্ধে। কুইন্সে ২০০ দেশের ১৯৯ ভাষার মানুষ রয়েছে। সেখানের মানুষের প্রয়োজনটাও তাই বেশি। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। তাই কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমার কাছে ধর্ম কিংবা কালার কোন ব্যাপার নয়। আমি মনে করি সবার জন্য কাজ করতে হবে।
কাউন্সিলম্যান কস্টা কনস্টানটিনিডেস বলেন, নির্বাচিত হলে কমিউনিটির মাইনোরিটি জনগোষ্ঠীর জন্য লড়াই করবো। আমি প্রথমবারের মত এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। সবার সমর্থন পেলে জয়ী হতে পারবো। আমি কখনো কে খ্রিস্টান, কে জুইশ, কে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কিংবা অন্য কোন ধর্মের তা বিবেচনা করি না। আমি বিবেচনা করি মানুষকে মানুষ হিসাবে। আমার কাছে সব ধর্মের মানুষ সমান। সবারই সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে। সবার জন্য কাজ করতে চাই। আমি আগামী নির্বাচনে কুইন্স বরোর প্রেসিডেন্ট হতে পারলে আপনাদের জন্য আরও বেশি কাজ করার সুযোগ পাবো।
অ্যান্থনি মিরান্ডা বলেন, কুইন্স বর্ধনশীল ও সম্ভাবনাময় একটি কাউন্টি। যেসব প্রার্থী রয়েছে তাদের কোন নিজস্ব ভয়েস নেই। তারা করপোরেটের কথায় কাজ করে। আমি কুইন্সবাসীর ভয়েস হিসেবে কাজ করার জন্যই প্রার্থী। তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার অফিসে বাংলাদেশিসহ অন্যান্য মাইনোরিটি গ্রুপের প্রতিনিধিত্ব থাকবে।
এলিজাবেথ ক্রাউলি বলেন, আমি দীর্ঘদিন থেকে কুইন্সে কাজ করছি। কুইন্সের উন্নয়নের সঙ্গে জড়িত। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। তিনি বলেন, কুইন্স বরো প্রেসিডেন্ট পদে থেকে আরো বেশী কাজ করার সুযোগ রয়েছে। কুইন্সে বহু ভাষাভাষি মানুষের বসবাস। আমি তাদের মনের ভাষা বুঝে কাজ করি। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির পাঁচটি বরোর মধ্যে কুইন্স বৃহত্তম, যার সর্বমোট আয়তন ১০৯ দশিমক ২ বর্গ মাইল। ২০১০ সালের আদশশুমারির তথ্য অনুযায়ী, উন্সি বরোর জনসংখ্যা প্রায় ২ দশিমক ২ মিলিয়ন এবং এর ৪৮% জন্মগ্রহণকারী শিশু হচ্ছে বিদেশী। গত ১০ বছরে জনসংখ্যা প্রায় দেড়গুণ হয়েছে। কুইন্সে প্রতিনিধিত্বমূলক ১০০টি বিভিন্ন জাতির লোক বসবাস করেন এবং তারা ১৩৮টি ভাষায় কথা বলেন।
কুইন্স বরোতে ১৪টি কমুউনিটি বোর্ড রয়েছে। এসব বোর্ডের ৫০ শতাংশ সদস্য বরো প্রেসিডেন্ট তার নিজ ক্ষমতাবলে নিয়োগ দিতে পারেন। শিক্ষা, স্বাস্থ্য, পার্কসহ এলাকা ভিত্তিক উন্নয়ন কি হবে তা বোর্ড সদস্যদের পরামর্শ ও সুপারিশের ভিত্তিতেই নির্ধারিত হয়। প্রতি বরোতে দেয়া সিটির মিলিয়ন মিলিয়ন ডলার বাজেট বরাদ্দ কোথায় কি কাজ খরচ হবে তাও নির্ধারন করে এই বোর্ড ।
বরো প্রেসিডেন্টের রয়েছে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা। বছরে ১ লাখ ৭৯ হাজার ২’শ ডলার বেতন পেয়ে থাকেন।
কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টজ কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নির্বাচিত হওয়ায় বরো প্রেসিডেন্টের এই পদটি শূন্য হয়। বর্তমানে ডেপুটি প্রেসিডেন্ট শ্যারন লি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
–