শাহ আমানত বিমানবন্দরে বিপুল বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার সময় বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ এক বিমান যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই’র একটি টিম মোহাম্মদ আসিফ নামের ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪টি দেশের প্রায় ১৪ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই’র টিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী যাত্রী আসিফকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাসী করে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করে।

উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে- ২ হাজার ৯২৭ দশমিক ৪০ ওমানি রিয়াল, ১৪১ দশমিক ৫০ বাহরাইনি দেরহাম, ১৮১ কুয়েতি দিনার এবং ২৯ হাজার ৭১৫ দুবাইয়ের দেরহাম। বাংলাদেশি মুদ্রায় যার মূল্যের ১৪ লাখ ৭ হাজার ৪৭ টাকা।

পরে এই যাত্রীকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে বলেও সারওয়ার-ই-জামান জানান।

Comments (0)
Add Comment