ককপিটে হানা করোনা ভাইরাসের। পাইলটের শরীরে মিলল মারণ কোভিড-১৯ জীবাণু। ফলে শনিবার মাঝ আকাশ থেকেই ফিরতে বাধ্য হল এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে মস্কোগামী বিমান। দুপুর ১২.৩০ নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে Airbus A-320 Neo বিমানটি। নিয়ম মেনে চালক দলের সকল সদস্যক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
তা মাঝ আকাশে কীভাবে পাইলটের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলল? এই প্রশ্নের উত্তরে বিমান সংস্থাটি জানিয়েছে, প্রি-ফ্লাইট টেস্ট রেকর্ড বা বিমান যাত্রা শুরুর আগে করোনা পরীক্ষার ফল দেখার সময়ই ঘটে বিভ্রান্তি। উক্ত পাইলটের রিপোর্ট করোনা পজিটিভ এলেও তা ভুলবশত নেগেটিভ বলে ছাড়পত্র দিয়ে দেয় গ্রাউন্ড টিম। ফলে শনিবার সকালে নিয়মমাফিক উড়ান শুরু করেন চালক। কর্মীদের এহেন গাফিলতিতে প্রশ্নের মুখে পড়েছে সংস্থাটি। তবে স্বস্তির বিষয়, বিমানটিতে কোনও যাত্রী ছিল না। রাশিয়ার মস্কো শহর থেকে সেখানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের আনতে যাচ্ছিল বিমানটি। এদিকে, এই ঘটনায় উদ্ধারকাজে কিছুটা দেরি হলেও ইতিমধ্যে মস্কোর উদ্দেশে অন্য একটি বিমান পাঠানোর ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া।