৩ জুন মার্কিন নাগরিকদের নেওয়ার জন্য পঞ্চম বিশেষ ফ্লাইট

আগামী ৩ জুন বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নেওয়ার জন্য পঞ্চম দফায় আরও একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। রবিবার ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় জানানো হয়েছে, ৩ জুন ঢাকা থেকে এ বিশেষ ফ্লাইট নিউইয়র্ক যাবে।

করোনাভাইরাস পরিস্থিতিতে প্লেন চলাচল বন্ধ থাকায় এর আগে আরও চার দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঢাকা ত্যাগ করেছেন। প্রথম দফায় গত ৩০ মার্চ ২৬৯ জন মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। দ্বিতীয় দফায় ৬ এপ্রিল একটি ফ্লাইটে ৩২২ জন মার্কিন নাগরিক ঢাকা ত্যাগ করেন। তৃতীয় দফায় গত ১৩ এপ্রিল ৩২৮ জন এবং চতুর্থ দফায় ২১ এপ্রিল আরও বেশ কয়েকজন মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের প্লেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ত্যাগ করতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.