ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান বিমানবন্দর
ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।
ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ২০২৬ সালের ডিসেম্বর থেকে প্রাথমিক বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে অবকাঠামো নির্মাণ, প্রযুক্তি স্থাপন, জনবল নিয়োগ এবং পরিচালন পদ্ধতি প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশটির দক্ষিণাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর চালু হলে আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ ও পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
ডং নাই শহরের লং থান এলাকায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ওপর নির্মিত হচ্ছে বিমানবন্দরটি। প্রকল্পটির মোট ব্যয় ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিন ধাপে বাস্তবায়নাধীন প্রকল্পের প্রথম পর্যায়ে বিনিয়োগ হচ্ছে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের বেশি। এ পর্যায়ে বছরে আড়াই কোটি যাত্রী এবং ১২ লাখ টন পণ্য পরিবহনের সক্ষমতা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ভিয়েতনাম এয়ারপোর্টস করপোরেশনের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নির্মাণকাজের অগ্রগতি উল্লেখযোগ্য। ১৬টি প্রধান নির্মাণ প্যাকেজের মধ্যে চারটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। রানওয়ে, ট্যাক্সিওয়ে ও উড়োজাহাজ পার্কিং এলাকার কাজ প্রায় ৯৯ দশমিক ৫ শতাংশ সম্পন্ন হয়েছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থার অগ্রগতি ৯৮ দশমিক ১ শতাংশ। তবে যাত্রী টার্মিনাল, কার্গো টার্মিনাল এবং অভ্যন্তরীণ পরিবহন অবকাঠামোর কিছু কাজ এখনো চলমান।
যাত্রী টার্মিনালের মূল নির্মাণকাজ প্রায় শেষ। বর্তমানে ব্যাগেজ ব্যবস্থাপনা, নিরাপত্তা পরীক্ষা এবং অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম স্থাপন ও পরীক্ষার কাজ চলছে। প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে দুই হাজারের বেশি কর্মী ও ১৮৬টি নির্মাণ সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর ২০২৬ থেকে মার্চ ২০২৭ পর্যন্ত প্রথম ধাপে প্রতিদিন ২০ থেকে ৩০টি ফ্লাইট পরিচালনার সক্ষমতা নিয়ে বিমানবন্দরটি চালু হবে। এ সময় যাত্রী টার্মিনালের পশ্চিম অংশ ও কেন্দ্রীয় এলাকায় কার্যক্রম পরিচালিত হবে। ২৪ ডিসেম্বর থেকে কার্গো টার্মিনালের একটি অংশ অভ্যন্তরীণ পণ্য পরিবহনে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট ছাড়া অন্যান্য আন্তর্জাতিক রুটের পণ্য পরিবহনও শুরু হতে পারে।
দ্বিতীয় ধাপে ২০২৭ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একই বছরের অক্টোবর থেকে পূর্ণ সক্ষমতায় পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আধুনিক প্রযুক্তির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিমানবন্দরে প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ স্বয়ংক্রিয় ব্যাগেজ ব্যবস্থাপনা, উন্নত নিরাপত্তা স্ক্যানার এবং মুখ শনাক্তকরণ প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। সব মিলিয়ে লং থান বিমানবন্দর ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান আন্তর্জাতিক বিমান চলাচলকেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।