বিমানের টিকিট ও জাল ভিসাসহ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে শাহজাহান মিয়া (৩২) নামে প্রতারক ও মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব-১৪।
রোববার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জের রহমতগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি ভূয়া নিয়োগপত্র, জাল বিমান টিকিট ও জাল ভিসা উদ্ধার করা হয়। আটক শাহজাহান ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের আ. জলিলের ছেলে।
সোমবার (১৯ এপ্রিল) বিকালে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজাহান মিয়ার বিরুদ্ধে জাল নিয়োগপত্র, জাল ভিসা ও বিমান টিকিট দিয়ে গ্রামের সাধারণ মানুষদেরকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়। এ ঘটনায় নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে পূর্বধলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।