বাংলাদেশের মেয়ে জ্যোৎস্না লন্ডনের ডেপুটি মেয়র

লন্ডনের বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মৌলভীবাজারের মেয়ে জ্যোৎস্না রহমান ইসলাম।

জ্যোৎস্না মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের আব্দুর রহমান মন্নাফের মেয়ে। ২৯ এপ্রিল রেডব্রিজ কাউন্সিলের বার্ষিক ভার্চুয়াল মিটিংয়ে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

বাংলাদেশি নারীদের ব্রিটেনের রাজনীতিতে সাফল্যের ধারাবাহিকতার আরেকটি উদাহরণ বলে মনে করছেন সেখানকার বাঙালি প্রবাসীরা।

লন্ডনের রেডব্রিজে বসবাস করা জ্যোৎস্না রহমান ইসলামের স্বামী সাম ইসলামও একই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

১৯৬৬ সালে লন্ডনে জন্ম গ্রহণ করা জ্যোৎস্না বাবা-মায়ের সঙ্গে দেশে ফিরে এসে মৌলভীবাজার আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি কলেজে পড়ালেখা করেছেন।

১৯৮৬ সালে আবার তিনি লন্ডনে যান। সেখানে লোকাল গভর্নমেন্টে চাকরির পাশাপাশি তিনি এমবিএ করেন। বর্তমানে রেডব্রিজ লেবার পার্টির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জ্যোৎস্না রহমান ইসলাম।

জ্যোৎস্নার বোন সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম বলেন, মা-বাবার ইচ্ছা ছিল তাদের ছেলেমেয়েরা বাংলাদেশ এবং যুক্তরাজ্য দুই দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক পরিবেশে বেড়ে উঠুক। তাই আমাদের নিয়ে দেশে ফিরে এসেছিলেন। আমার বড়বোন কাউন্সিলর জ্যোৎস্না রহমান ইসলাম লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন।

লন্ডনের কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর গণমাধ্যমেক বলেন, আমাদের মৌলভীবাজার জেলার গর্ব কাউন্সিলর জ্যোৎস্না লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন। রেডব্রিজের কাউন্সিলর হওয়ার পর থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে নিরলসভাবে কাজ করায় তার এই সাফল্য এসেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.