করোনার কারণে গত তিন বছর বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’। বাংলা একাডেমি প্রাঙ্গণে আন্তর্জাতিক এই আয়োজন চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
আয়োজনের আগাম তথ্য থেকে আভাস মিলছে, এবারের উৎসব ছাড়িয়ে যাবে অতীতের সব আসর। বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের সঙ্গে পাল্লা দিয়ে এতে অংশ নেবেন দেশের শীর্ষ শিল্পী-সাহিত্যিকরাও।
এরমধ্যে বিশেষ দুটি সেশনে জায়গা করে নিয়েছেন কান-প্রশংসিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আজমেরী হক বাঁধন। এরমধ্যে একটি সেশন পরিচালনা করবেন অভিনেত্রী নিজেই। ‘ধরাবাঁধার বাইরে’ শিরোনামের এই সেশনে বাঁধনের সঙ্গে নিজেদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করবেন কিংবদন্তি অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন, প্রশংসিত অভিনেত্রী বন্যা মির্জা এবং সময়ের সবচেয়ে সফল অভিনেতা চঞ্চল চৌধুরী। এটি অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি সোয়া ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত একাডেমির মাঠে (লন)।
আর ‘পুরুষত্ব বনাম পুরুষতন্ত্র’ নামের একটি সেশনে অতিথি হিসেবে যুক্ত হবেন বাঁধন। বন্যা মির্জার প্যানেল পরিচালনায় উৎসবের শেষ দিন (৮ জানুয়ারি) ১২টা ৩০ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই সেশন। যেখানে বাঁধন ছাড়াও পর্যালোচকের আসনে থাকবেন ইরেশ যাকের, সায়ীদ আহমেদ, নবনীতা চৌধুরী, তকবির হুদা ও তাসফী হোসাইন।
এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা রুবাইয়াত হোসেন ৭ জানুয়ারি পরিচালনা করবেন নারী নির্মাতাদের নিয়ে একটি সেশন। এতে অংশ নেবেন হুমায়রা বিলকিস, এলিজাবেথ ডি.কস্টা, রাওয়ান সায়েমা ও তাসমিয়াহ আফরিন মৌ। ৮ জানুয়ারি রুবাইয়াত হোসেনের সঙ্গে ভার্চুয়াল মাস্টারক্লাসে অংশ নেবেন ইজরায়েলের সাহসী ফিল্ম মেকার নাদাভ লাপিদ।
বাঁধন ব্যক্তিগত অবকাশে কন্যা সায়রাকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছিলেন। সেখান থেকে এই উৎসবে যোগ দিতে দেশে ফিরেছেন ৩ জানুয়ারি। তিনি বলেন, ‘আমাকে লিট ফেস্টে প্যানেলিস্ট হিসেবে আমন্ত্রণ জানানোতে আমি খুবই সম্মানিত। যে দুটো টপিকে ইনভাইট করা হয়েছে আমাকে, সেগুলো নানাভাবে হয়তো আমি বলি বিভিন্ন আড্ডা বা ইন্টারভিউতে। কিন্তু এমন একটি ইন্টারন্যাশনাল আসরে বসে সবার সামনে বিষয়গুলো বলার সুযোগ পেলাম এবার, এটাই অনেক বড় বিষয়। বড় বড় গুণী মানুষ ও অডিয়েন্সের সঙ্গে মনের কথাগুলো শেয়ার করব, তাদের কথাগুলো আমি শুনতে পারব এটা অনেক ভালো লাগার বিষয়।’
বাঁধন মনে করেন, তার দুটি প্যানেলে আরও যারা আছেন, তিনি ছাড়া বাকি সবাই অসম্ভব অভিজ্ঞ, জ্ঞানী ও গুণীজন। তার বিশ্বাস, গ্যালারিতেও তিনি পেতে যাচ্ছেন সেই মাপেরই প্রচুর দর্শক। এসব ভেবে বাঁধনের মন্তব্য, ‘দুটো সেশন নিয়ে আমি এক্সাইটেড। আমন্ত্রণ জানাই সবাইকে যারা এসব (যে দুটি বিষয়ে আলাপ হবে) নিয়ে ভাবেন, তাদের জন্য উচিত আমাদের সঙ্গে যোগ দেওয়া।’
আগে থেকেই ঢাকা লিট ফেস্ট সম্পর্কে অবগত এই অভিনেত্রী। তবে এভাবে প্যানেল আলাপে যুক্ত হতে দেখা যায়নি বাঁধনকে। এমনকি দর্শক হিসেবেও উৎসবটিকে হেঁটে দেখা হয়নি তার! ফলে এবারের পুরো আয়োজনটি বাঁধনের কাছে বেশ আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, ‘শুনেছি এখানে গোটা বিশ্বের অনেক বড় বড় শিল্প-সাহিত্যের মানুষ আসেন, গল্প করেন। যেমন কান উৎসবে আমি অস্কারজয়ী ব্রিটিশ অভিনয়শিল্পী টিল্ডা সুইনটনের সঙ্গে বসে ছবি দেখার সুযোগ পেয়েছিলাম। অথচ সেই টিল্ডা তারও আগে (২০১৬) ঢাকা লিট ফেস্ট ঘুরে গেছেন। জেনেছি, এবারও আসবেন তিনি। এটাও একটা ভালো লাগার বিষয়। শুধু টিল্ডা নয়, এবারের লিট ফেস্টে আমি চার দিনই সকাল-সন্ধ্যা যুক্ত থাকার চেষ্টা করব। সবার কথা শুনব। নিজেকে সমৃদ্ধ করার জন্য এরচেয়ে আনন্দময় উৎসব আর হতে পারে না। চিন্তার যে আদান-প্রদান হবে সেখানে, সেটা অসাধারণ।’
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার মেয়ে আইরা অংশ নেবেন ৭ জানুয়ারি সকাল ১০টায় নজরুল মঞ্চে। বাচ্চাদের সেশনে তাদের বই ‘অ্যাডভেঞ্চার অব মম এন্ড মি’ নিয়ে আলোচনা হবে। লিট ফেস্টের এবারের আয়োজনে নাটক-সিনেমা-সংগীতের আরও অনেক তারকা অংশ নিচ্ছেন বিভিন্ন সেশনে। একাডেমির নজরুল মঞ্চে রোজ সন্ধ্যায় বসবে গানের আসর। যার শেষ চমকটা থাকছে অর্ণবের নেতৃত্বে ‘কোক স্টুডিও বাংলা’র পরিবেশনা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবার ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রবেশে কোনো টিকিট লাগবে না। অন্যদের জন্য টিকিট বাধ্যতামূলক। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দৈনিক জনপ্রতি ৫০০ টাকা। তবে একসঙ্গে চার দিনের টিকিট নিতে চাইলে ছাড় মিলবে ৫০০ টাকা, সেক্ষেত্রে একেক জন দর্শনার্থী ১৫০০ টাকায় চার দিনের টিকিট পেয়ে যাবেন। শিক্ষার্থীদের জন্য রয়েছে সুখবর। তারা প্রতিজন ২০০ টাকায় টিকিট কিনতে পারবেন। শিক্ষার্থীদের বেলায় একসঙ্গে চার দিনের টিকিট কিনলে লাগবে ৫০০ টাকা, অর্থাৎ তাদের জন্য থাকছে ৩০০ টাকা ছাড়।
এবারের আসরের অন্যতম আকর্ষণ ২০২১ সালে নোবেলজয়ী সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ। এছাড়া আসছেন ২০২২ সালের বুকারজয়ী দুই কথাশিল্পী গীতাঞ্জলি শ্রী (আন্তর্জাতিক ক্যাটাগরি) ও শেহান কারুনাতিলাকা। অহ৩ারও থাকছেন পুলিৎজার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন বা পিন্টার, প্রিক্স মেডিসিস, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালার্ট মেডেল, ওয়াটারস্টোন চিল্ড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ডসহ অন্য খ্যাতিসম্পন্ন পুরস্কারজয়ীরা।