বাংলাদেশে প্রথমবার সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যান উদ্যোগ শুরু

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যান (সিএএমপি) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যান (সিএএমপি) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০ থেকে ৩০ বছর এবং তারও পরবর্তী সময়ের বিমান খাতের উন্নয়নের রূপরেখা নির্ধারণে এই মাস্টার প্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার রাজধানীর একটি হোটেলে ‘সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের সূচনা করা হয়। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশ।

বেবিচক জানায়, বর্তমানে বাংলাদেশের বিমান খাতের জন্য কোনো সমন্বিত জাতীয় মাস্টার প্ল্যান নেই। ফলে বিমানবন্দর উন্নয়ন, আকাশপথ ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিমান শিল্পের সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি, নিরাপত্তা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়। সেই লক্ষ্যেই এই মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী দেড় বছরের মধ্যে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর তত্ত্বাবধানে। আইসিএওর বিশেষজ্ঞরা পরিকল্পনা প্রণয়নে কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করবেন।

কর্মশালায় আইসিএওর বিমান চলাচল বিশেষজ্ঞ মোহাম্মদ এল আমিরি বিশ্বের বিভিন্ন দেশের সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানের সফল অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের বিমান খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং কার্যকর একটি জাতীয় রোডম্যাপ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বিমান খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। কর্মশালায় সভাপতিত্ব করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। উদ্বোধনী বক্তব্য দেন বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান

কর্মশালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইন্স, বিমান চলাচল বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সংশ্লিষ্টদের মতে, দেশের প্রথম সমন্বিত সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বাংলাদেশের বিমান পরিবহন খাত পরিকল্পিত, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন উন্নয়নের নতুন যুগে প্রবেশ করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN