কাতারের উপহারের ৪০ কোটি ডলারের বিলাসবহুল জেট যুক্ত হলো মার্কিন প্রেসিডেন্টের বহরে। কি আছে এই উড়োজাহাজে?

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের প্রেসিডেন্ট পরিবহন বহরে নতুন একটি উড়োজাহাজ যুক্ত করেছে। কাতারের উপহার দেওয়া বিলাসবহুল ওই ভিসি-২৫বি ব্রিজ উড়োজাহাজটি নিয়ে তুমুল আলোচনা।
এ উড়োজাহাজে কী এমন আছে যে এত বিতর্ক আর সমালোচনার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি গ্রহণ করেছেন।

গত শুক্রবার মার্কিন বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ ক্ষমতা ও নিরাপত্তা সুরক্ষাযুক্ত নতুন ভিসি-২৫বি ব্রিজ উড়োজাহাজটি প্রেসিডেনশিয়াল এয়ারলিফট গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রেসিডেন্টকে বহন করার দায়িত্ব নেওয়ার আগে চূড়ান্ত ধাপের পরীক্ষার জন্য উড়োজাহাজটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে নেওয়া হয়েছে। এটি শিগগিরই প্রাথমিক পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করবে।

নানা সংস্কার ও সংযোজনের মাধ্যমে আরও নিরাপদ ও সুরক্ষিত করে তোলা এই বোয়িং ৭৪৭-৮আই উড়োজাহাজটির ইতিহাস বেশ চমকপ্রদ। প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই বিলাসবহুল ভিভিআইপি পরিবহন উড়োজাহাজটি মূলত কাতারের রাজপরিবারে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। প্রথমে এটি কাতারের রাজপরিবারের উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার কথা ছিল, পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহারের জন্য উপহার হিসেবে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সরকারি ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ‘ব্রিজ’ উড়োজাহাজটি আনা হয়েছে পুরোনো ভিসি-২৫এ বহরের ওপর চাপ কমানোর জন্য। একই সঙ্গে স্থায়ী সমাধান হিসেবে বোয়িং ভিসি-২৫বি সেবায় যুক্ত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের আকাশপথে যাতায়াত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এটি ব্যবহার করা হবে।

এই নির্দিষ্ট উড়োজাহাজ কীভাবে নতুন এয়ারফোর্স ওয়ান হয়ে উঠল, তার পেছনের গল্পে রয়েছে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক কূটনীতি ও করপোরেট বিলম্ব নিয়ে তীব্র অসন্তোষ।

উড়োজাহাজটি মূলত কাতারের রাজপরিবারের (হাউস অব থানি) জন্য একটি ‘বোয়িং বিজনেস জেট’ হিসেবে তৈরি করা হয়েছিল। পরে কাতারের আমির এটি যুক্তরাষ্ট্রকে উপহার দেন।

প্রতিবেদন অনুযায়ী, এয়ারফোর্স ওয়ান বহরে পুরোনো হয়ে যাওয়া উড়োজাহাজগুলোর স্থানে নতুন উড়োজাহাজ সংযুক্ত করতে মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের সঙ্গে ২০১৮ সালে একটি চুক্তি হয়। কিন্তু বোয়িং উড়োজাহাজ সরবরাহ করতে অনেক বেশি দেরি করছে, প্রকল্পের সময়সীমা ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত পিছিয়ে গেছে।

বিদেশি নেতারা যেখানে নতুন ও বড় উড়োজাহাজে ভ্রমণ করছেন, সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখনো ৩৫ বছরের পুরোনো উড়োজাহাজ ব্যবহার করছেন। বিরক্ত ট্রাম্প তাই নিজেই কাতারের রাজপরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের থেকে উড়োজাহাজটি বিনা মূল্যে উপহার হিসেবে সংগ্রহের ব্যবস্থা করেন।

যেহেতু উড়োজাহাজটি আনুষ্ঠানিক উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছিল, তাই প্রাথমিকভাবে ৪০ কোটি ডলার মূল্যের এই বিলাসবহুল ভিভিআইপি পরিবহনটি যুক্তরাষ্ট্র সরকার অধিগ্রহণ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.