জুলাইয়ে বিশ্বজুড়ে চালু হচ্ছে ৫০টি নতুন আন্তর্জাতিক ফ্লাইট রুট

জুলাই ২০২৬ মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক নতুন আন্তর্জাতিক রুট চালু হচ্ছে।

জুলাই ২০২৬ মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক নতুন আন্তর্জাতিক রুট চালু হচ্ছে, যা বৈশ্বিক বিমান যোগাযোগে নতুন গতি আনবে। উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়াজুড়ে বিভিন্ন এয়ারলাইন নতুন গন্তব্য যুক্ত করে যাত্রী ও কার্গো পরিবহন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। নতুন রুটগুলোর মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণ সহজ হওয়ার পাশাপাশি পর্যটন, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতাও আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে আলোচিত নতুন রুটগুলোর একটি চালু করছে ব্রাজিলের বিমান সংস্থা গোল লিনহাস এরিয়াস। ৮ জুলাই থেকে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করবে। নতুন রুটে সপ্তাহে তিন দিন ব্রাজিলের রিও ডি জেনেইরোর গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রাথমিকভাবে ওয়ামোস এয়ারের এয়ারবাস এ৩৩০-২০০ উড়োজাহাজ ভাড়া নিয়ে ফ্লাইট পরিচালনা করা হলেও, চলতি বছরের শেষ দিকে নিজেদের নতুন এয়ারবাস এ৩৩০-৯০০নিও বহরে যুক্ত হলে সেগুলো এই রুটে ব্যবহার করা হবে।

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগ জোরদার করতে ২২ জুলাই নতুন রুট চালু করছে কাতার এয়ারওয়েজ। নতুন রুটে সপ্তাহে দুই দিন বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজে দোহা-বোগোতা-কারাকাস রুটে ফ্লাইট পরিচালিত হবে। এর ফলে প্রথমবারের মতো কলম্বিয়া ও ভেনেজুয়েলার যাত্রীরা দোহার মাধ্যমে কাতার এয়ারওয়েজের বিস্তৃত বৈশ্বিক নেটওয়ার্কে সহজে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।

এদিকে এয়ার কানাডা ২ জুলাই থেকে মন্ট্রিয়ল-বার্লিন মৌসুমি ফ্লাইট চালু করছে। নতুন রুটে অত্যাধুনিক এয়ারবাস এ৩২১এক্সএলআর উড়োজাহাজ ব্যবহার করা হবে। এটি হবে বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে এ৩২১এক্সএলআর-এর প্রথম বাণিজ্যিক ফ্লাইট। ২০১৯ সালের পর এয়ার কানাডা আবারও বার্লিনে নিয়মিত সেবা শুরু করছে।

ইউরোপে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করছে চীনের বিমান সংস্থাগুলোও। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ২০ জুলাই থেকে সাংহাই পুডং-ডাবলিন রুটে সপ্তাহে তিন দিন এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজ পরিচালনা করবে। অন্যদিকে এয়ার চায়না ১২ জুলাই থেকে চেংদু তিয়ানফু-লন্ডন গ্যাটউইক রুট পুনরায় চালু করছে। প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন এ৩৫০-৯০০ উড়োজাহাজে এই সেবা পরিচালিত হবে।

যুক্তরাজ্যের বাজারে ফিরছে কুয়েতভিত্তিক স্বল্পমূল্যের বিমান সংস্থা জাজিরা এয়ারওয়েজ। ৮ জুলাই থেকে কুয়েত-লন্ডন লুটন রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। এর মাধ্যমে লন্ডন লুটন বিমানবন্দরে সেবা দেওয়া প্রথম উপসাগরীয় এয়ারলাইন হবে জাজিরা।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইদুবাই ১ জুলাই থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে দৈনিক ফ্লাইট চালু করেছে। এমিরেটসের সঙ্গে অংশীদারিত্বে পরিচালিত এই নতুন রুট দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফ্লাইদুবাইয়ের নেটওয়ার্ক আরও বিস্তৃত করবে এবং দুবাই হয়ে আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন ভ্রমণ সুযোগ তৈরি করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN