ঢাকা-নারিতা রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান।
প্রায় এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর রোববার দিবাগত রাতে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই সরাসরি ফ্লাইট রুটটি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১টার পরে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না।
আশা করি এবার রুটটি লাভজনক হবে এবং ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিং সম্পন্ন হয়েছে।”
উদ্বোধনী ফ্লাইট বিজি ৩৭৬ রাত ২টা ২৫ মিনিটে জাপানের উদ্দেশে যাত্রা করে।
সরকার আশা করছে, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, জাপান প্রবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীদের কথা বিবেচনায় রেখে ফ্লাইটটি চালু করা হয়েছে।
ভবিষ্যতে ফ্লাইটটি যাতে আর কখনো বন্ধ না হয় সেজন্য শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে।
প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজ স্বল্পতা সত্ত্বেও তিনি জাপান-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করতে ঢাকা-নারিতা ফ্লাইট চালু করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফ্লাইটটি পুনরায় চালু করা হলো।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল।
প্রায় এক বছর পর আবারও চালু হলো এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটটি।