পরিচালক ছবির নাম রেখেছিলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এখন এই ছবির ভবিষ্যৎ মুশকিলে। কথা উঠল, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান থাকলে ছবি মুক্তি পাবে না। রীতিমতো ভারতের বেশ কিছু এলাকায় ছবিটি নিষিদ্ধও হয়েছে। ছবির সামনে আরেক নতুন মুশকিল। অমিতাভ বলেছেন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই ও চিত্রনায়ক রণবীর কাপুরের ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও ছবি মুক্তি পাবে না। পরিচালক-প্রযোজকের মাথায় হাত!
পুত্রবধূ ঐশ্বরিয়া আর রণবীরের ঘনিষ্ঠ দৃশ্যে দেখে নাকি বেজায় চটেছিলেন শ্বশুর অমিতাভ। প্রযোজককে দৃশ্যটি বাদ দিতে অনুরোধ করেছিলেন তিনি। সেই সূত্রে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর জন্য অবশেষে কাঁচি ধরা হয়েছিল। স্বয়ং শ্বশুরের কারণে পুত্রবধূর ছবিতে চলল কাঁচি!
অনেক দিন চুপচাপ বসে থেকে জং ধরে গিয়েছিল সেন্সর বোর্ডের কাঁচিতে। সেন্সর বোর্ডের ব্যাখ্যা, ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুর অভিনীত তিনটি যৌন দৃশ্য যথেষ্ট আপত্তিকর। এতটাই যে পরিবারের ছোট–বড় সবাই মিলে বসে নাকি সেসব দেখাও যাবে না। তাই ওই তিনটি দৃশ্য বাদ দিতে হবে।
জোরালো ব্যাখ্যা দিয়েছিলেন পরিচালক—ছবির গল্পে একতরফা প্রেমে ব্যর্থ এক যুবক অন্য নারীর কাছে ভালোবাসা আর সান্ত্বনা পেতেই পারে। সম্পর্কের সেই সমীকরণ দেখাতে গেলে দৃশ্যগুলো বাদ দেওয়া যায় না। কে শোনে কার কথা।
শেষ পর্যন্ত সমাধান হয়নি। বলিউডে দুনিয়ায় এখন সবাই বিশ্বাস করতে শুরু করেছেন, ঐশ্বরিয়ার শ্বশুরই স্বয়ং সংশ্লিষ্ট দৃশ্য বাদ দিতে হুকুম দিয়েছেন। প্রযোজকের কাছে নাকি আরও নানা অনুরোধ ছিল তাঁর। প্রযোজক মানেননি সেসব। বলিউড লাইফ।