আজ মুক্তি পেয়েছে তানিয়া বৃষ্টির তৃতীয় ছবি ‘যদি তুমি জানতে’। ছবির প্রচারণায় অংশ নিতে আজ সন্ধ্যায় এ অভিনেত্রী যাবেন রাজধানীর ফার্মগেটের আনন্দ প্রেক্ষাগৃহে। ছবির অন্য কলাকুশলী ও দর্শকদের সঙ্গে বসে দেখবেন সিনেমাটি। বললেন, ‘গত কয়েক দিন বিভিন্ন টিভি চ্যানেল ও রেডিও স্টেশনে গিয়েছি। নানা ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছি। আজ ছবি দেখতে প্রেক্ষাগৃহে যাব। দর্শকদের সঙ্গে সময় কাটাব।’
তানিয়া বৃষ্টির প্রথম সিনেমা ছিল ‘ঘাসফুল’। তারপর অভিনয় করেন ‘লাভার নাম্বার ওয়ান’ চলচ্চিত্রে। দুটি ছবিই মুক্তি পেয়েছে। তৃতীয় সিনেমা ‘যদি তুমি জানতে’ প্রসঙ্গে বললেন, ‘বেশ ভালো গল্প। অভিনয় করে ভালো লেগেছে।’
যদি তুমি জানতে চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন নদী ও ফিরোজ। এতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মনিরা মিঠু, শাহেদ শরীফ খান, আশরাফ টিটু প্রমুখ। ছবির জন্য গান লিখেছেন জাহিদ আকবর ও মাহমুদ মানজুর। সংগীত পরিচালনা করেছেন এহসান রাহি। গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, কণা ও এহসান রাহি।
তানিয়া বৃষ্টি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটকেও অভিনয় করেন। সম্প্রতি শুটিং করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘নয়-ছয়’তে।