আজ থেকে শুরু হচ্ছে হজ নিবন্ধন

আজ থেকে শুরু হচ্ছে হজ নিবন্ধন।

বেসরকারি ব্যবস্থাপনায় এবার যারা হজে যেতে চান, তাদের সর্বনিম্ন খরচ জনপ্রতি ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। আজ থেকে শুরু হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন। গতকাল এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় এ হজ প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

হাব মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম হজ প্যাকেজ ঘোষণা করে বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন খরচ জনপ্রতি ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। এ অংক সরকারি হজযাত্রার ব্যয়ের কাছাকাছি। এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজ-২-এ ৩ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত প্যাকেজে উড়োজাহাজ ভাড়া ১ লাখ ২৮ হাজার টাকা, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ১ লাখ ৬ হাজার ৫০০, সৌদি আরবের বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ভাড়া ৪০ হাজার ৮৮২ টাকা ৫০ পয়সা, জমজমের পানির জন্য ২৬০, অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট ৩৫ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা, স্থানীয় সার্ভিস চার্জ ৮০০, হজযাত্রীদের কল্যাণ তহবিলের জন্য ২০০, প্রশিক্ষণ ফি ৩০০, চিকিৎসা কেন্দ্র ফি ১০০, খাওয়া খরচ ৩০ হাজার, অন্যান্য খরচ ১ হাজার ২১৫ ও প্রাক-নিবন্ধন ফি ২ হাজার টাকা দেখানো হয়েছে।

সংবাদ সম্মেলনে হাব সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া বলেন, রোববার থেকে হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। ২০ মার্চ পর্যন্ত চলবে নিবন্ধন। কোনো মধ্যস্বত্বভোগী যেন কম মূল্যে হজে পাঠানোর কথা বলে টাকা নিতে না পারে, সেজন্য সংগঠনের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা যেভাবে হজযাত্রী পাঠাতে চাই, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের সংখ্যা কম থাকায় সেভাবে পাঠাতে পারছি না। আমরা আশা করি, বিমান ফ্লাইট শিডিউল নির্ধারণের ক্ষেত্রে হাবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে।

জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত পরিমাণ টাকা ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন সনদ গ্রহণ করতে হবে। সরকারিভাবে হজ গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের ৩০ হাজার টাকা বাদে সমন্বয় করে প্যাকেজ অনুযায়ী বাকি টাকা নিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। অন্যদিকে বেসরকারিভাবে হজ গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের ৩০ হাজার টাকা বাদে প্যাকেজ অনুযায়ী নির্ধারিত টাকা থেকে ১ লাখ ৪২ হাজার টাকা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১০ আগস্ট (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও অবশিষ্ট ১ লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.