বেসরকারি এভিয়েশন সেক্টরের উন্নয়নে সহযোগিতা করা হবেঃ বিমান প্রতিমন্ত্রী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বেসরকারি এভিয়েশন সেক্টরের উন্নয়নে সরকার সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদান করবে।
রোববার মন্ত্রণালয়ে তার দপ্তরে এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিমান পরিবহন সেবার মানোন্নয়ন করা হলে তা বাংলাদেশের পর্যটনের উন্নয়নেও ভূমিকা রাখবে। বেসরকারি খাতের বিমান পরিবহন সংস্থাগুলোর উন্নয়নে বিমান পরিবহন খাতে একটি সুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করবে যা বিমান পরিবহন সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, বেসরকারি বিমান পরিবহন খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। সরকারের সহায়তা পেলে এই খাতের ভূমিকা আরও বৃদ্ধি পাবে।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান পরিবহন খাত ও পর্যটন খাতের উন্নয়নে খুব আন্তরিক। তার দিকনির্দেশনা মোতাবেক এ খাতের উন্নয়নে সকল কাজ সম্পন্ন করা হবে।