‘আমরা খারাপ কিছু করছি না, লুকাচ্ছিও না’

‘আমরা খারাপ কিছু করছি না, লুকাচ্ছিও না’

দীর্ঘদিন লুকোছাপা করার পর অবশেষে মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বলিউড তারকা অর্জুন কাপুর। ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাতে হাত ধরে গিয়েছেন অর্জুন-মালাইকা। আলোকচিত্রীদের সামনে সহাস্যে পোজ দিয়েছেন।

মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমকাহিনী সিনেপাড়ায় নতুন নয়। অনেক দিন ধরেই তাঁরা খবরের শিরোনাম হচ্ছেন। প্রায়ই তাঁরা বিভিন্ন পার্টিতে ক্যামেরাবন্দি হন। এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন—এর আগে পত্রপত্রিকায় এমন প্রতিবেদনের পর আলোচনার কেন্দ্রে উঠে আসেন এ যুগল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি।

সম্প্রতি বিনোদন সংবাদমাধ্যম ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে প্রেমের আনুষ্ঠানিক স্বীকারোক্তি দিয়েছেন অর্জুন। বলেছেন, তিনি ‘ছাইয়া ছাইয়া’ কন্যার সঙ্গে প্রেম করছেন। অর্জুন এ-ও বলেছেন, মালাইকার সঙ্গে সম্পর্কের স্বীকারোক্তি দিয়ে তিনি স্বস্তিবোধ করছেন। গণমাধ্যম এ যুগলকে ‘মর্যাদা ও সম্মান’ দিচ্ছে বলেও জানিয়েছেন ‘নমস্তে ইংল্যান্ড’ তারকা।

তবে অর্জুন এ-ও বলেছেন, সাংবাদিকরা তাঁদের বাড়ির সামনে বসে থাকেন। তাঁদের উদ্দেশে তিনি বলেছেন, বসে থাকার কিছু নেই। কারণ তিনি কিছুই লুকিয়ে করছেন না।

‘একে ন্যাচারাল রাখতে দিন। স্বাভাবিক থাকতে দিন। আমি চাই না আমার প্রতিবেশী বিরক্ত হোক। আমি চাই না ওর (মালাইকা) প্রতিবেশী বিরক্ত হোক। আমরা খারাপ কিছুই করছি না। আমি চাই না এই গল্প চলতে থাকুক যে আমরা লুকোছাপা করছি। আমরা কিছুই লুকাচ্ছি না,’ সাংবাদিকদের উদ্দেশে পরিষ্কার ভাষায় বললেন অর্জুন কাপুর।

২০১৭ সালে মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানেন। এরই মধ্যে সাবেক এ যুগল নতুন জীবন শুরু করেছেন। আরবাজ খান খুঁজে পেয়েছেন ভালোবাসার মানুষ জর্জিয়া আন্দ্রিয়ানিকে আর মালাইকাও অর্জুন কাপুরের সঙ্গে বি-টাউনে এঁকেছেন লালগালিচা। ১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন মালাইকা ও আরবাজ। তাঁদের সংসারে রয়েছে ১৬ বছরের ছেলে আরহান।

আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরই ৩৩ বছরের অর্জুনকে প্রকাশ্যে আনেন ৪৫ বছরের মালাইকা। প্রায়ই তাঁদের লাঞ্চ ও ডিনার ডেটে দেখা যায়। এরপরই তাঁদের বিয়ের গুঞ্জন শুরু হয়। সূত্র : ইন্ডিয়া টুডে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.