এভিয়েশন নিউজ: চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের ২৪ ঘণ্টা পার না হতেই অর্থের অভাবে সব ধরণের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।
বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষে পরিচালক (ফ্লাইট অপারেশনস) ক্যাপ্টেন এম ইলিয়াস এ ঘোষণা দেন।
সংস্থাটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসবিরুল আহমেদ চৌধুরীর পদত্যাগের এক দিনের মাথায় এই ঘোষণা দিল বেসরকারি বিমান সংস্থাটি।
এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান তাসবিরুল আহমেদ চৌধুরী মঙ্গলবার পদত্যাগ করেন। নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান মোহাম্মদ মাহাতাবুর রহমান। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শাহিনুর আলম।
তবে বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষহীন অবস্থায় রয়েছে বলে জানান ক্যাপ্টেন এম ইলিয়াস। তিনি বলেন, প্রতিষ্ঠানের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এখনো আমাদের কারো যোগাযোগ হয়নি। আমরা জানি, এই পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কিন্তু বর্তমানে এই প্রতিষ্ঠানে কোনো কর্তৃপক্ষ নেই।
ফ্লাইট বন্ধের কারণ হিসেবে ক্যাপ্টেন এম ইলিয়াস বলেন, ফ্লাইট পরিচালনা করতে যে খরচ হয়, এই মুহূর্তে সেই খরচ নির্বাহের অর্থ ইউনাইটেডের নেই। এই অবস্থায় ফ্লাইট পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব নয়। বুধবার তিনটি আন্তর্জাতিক রুট দোহা, মাসকাট ও কুয়ালালামপুরে ইউনাইটেডের নির্ধারিত ফ্লাইটও ঢাকা থেকে ওড়েনি।
প্রতিষ্ঠানে কর্মরত প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় বলে জানান এম ইলিয়াস।
ইউনাইটেড এয়ারওয়েজ সাত বছর ধরে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনা করে আসছিল। ২০০৫ সালে ইউনাইটেড এয়ারওয়েজকে বিমান পরিচালনা করার লাইসেন্স দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তার দুই বছর পর যাত্রী পরিবহন শুরু করে ইউনাইটেড।
বকেয়া পাওনা পরিশোধের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি কয়েক দফা সময় বেধে দেয় ইউনাইটেড এয়ারওয়েজকে। তারপরও বকেয়া পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের হুমকি দেয়া হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মোট পাওনার পরিমাণ ৮৪ কোটি টাকা।
ইউনাইটেড এয়ারওয়েজের বিমানবহরে রয়েছে মোট ১১টি উড়োজাহাজ। এর মধ্যে একটি ড্যাশ-৮, তিনটি এটিআর-৭২, পাঁচটি এমডি-৮৩ ও দুটি এয়ারবাস-৩১০।
