জোটবদ্ধ হলো এশিয়ার আট সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থা

20160516-value-alliance_387CE49AB3D941E78C8360F8ED5963C2যাত্রী পরিধি আরো সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এশিয়াভিত্তিক আটটি সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থা একত্র হয়েছে। দ্য ভ্যালু অ্যালায়েন্স নামের এ যৌথ উদ্যোগটি এখন বিশ্বের সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থাগুলোর মধ্যে বৃহত্তম জোট। খবর নিক্কেই।
সিঙ্গাপুরে গত সোমবার ভ্যালু অ্যালায়েন্সের আনুষ্ঠানিক পথচলা শুরু। আটটি উড়োজাহাজ সংস্থার মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইনস, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল ও জাপানের অল নিপ্পন উল্লেখযোগ্য। এছাড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইনের উড়োজাহাজ সংস্থাও রয়েছে এ জোটে। যাত্রী পরিবহনে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে এ সংস্থাগুলো জোটবদ্ধ হয়েছে। কোম্পানিগুলো একত্র হওয়ার মাধ্যমে যাত্রীরা ভ্যালু অ্যালায়েন্সের যেকোনো একটি সংস্থার ওয়েবসাইট থেকেই বাকিগুলোর ফ্লাইট বুক করতে পারবে। আশা করা হচ্ছে, ভিন্ন ভিন্ন উড়োজাহাজ সংস্থার মধ্যে বুকিং সংযোগ স্থাপনের এত দিনের দাবির প্রতিফলন ঘটবে এর মাধ্যমে।
সিঙ্গাপুরের উড়োজাহাজ সংস্থা স্কটের সিইও ক্যাম্বেল উইলসন বলেন, অন্য যেকোনো
সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থার তুলনায় এ জোটের মাধ্যমে আরো বেশি গন্তব্যে যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা।
২০১৪ সাল থেকেই এই সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থার জোট গঠন নিয়ে আলোচনা শুরু হয়। সে সময় থাই এয়ারওয়েজের সাশ্রয়ী শাখা নুক এয়ার ও স্কট যৌথ উদ্যোগের জন্য কাজ করছিল। সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থার জোট গঠনের লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক সফটওয়্যার কোম্পানি এয়ার ব্ল্যাক বক্সের থেকে একটি অনলাইন ব্যবস্থা গ্রহণ করা হয়। যার মাধ্যমে স্বল্প খরচে একই সঙ্গে কয়েকটি উড়োজাহাজ সংস্থায় সঠিক সময়ে ফ্লাইট বুক করা যাবে।
ভ্যানিলা এয়ারের প্রেসিডেন্ট কাতসোয়া গতো এ প্রসঙ্গে বলেন, তথাকথিত ফ্রাঞ্চইচি মডেলের বিপরীতে এর মাধ্যমে আমরা নিজেদের আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারব।
এদিকে ভ্যালু অ্যালায়েন্সকে ‘বিশ্বের প্রথম আঞ্চলিক’ সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থার জোট হিসেবে উল্লেখ করে স্কটের সিইও উইলসন জানান, সদস্যদের কাছে মোট ১৭৬টি প্লেন রয়েছে। এ উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে ১৬০টি গন্তব্যের সংযোগ রয়েছে, যা পুরো বিশ্বের মোট গন্তব্যের এক-তৃতীয়াংশ। ২০১৫ সালে এ আটটি উড়োজাহাজ সংস্থার মাধ্যমে ৪ কোটি ৭০ লাখ যাত্রী বিভিন্ন গন্তব্যে ওঠানামা করেছেন।
বর্তমানে উড়োজাহাজ সংস্থাগুলো খরচ কমানোর লক্ষ্যে একত্রে কাজ করার বিভিন্ন উপায় অনুসন্ধান করছে। ফলে বিক্রয় সরবরাহের সুযোগ খুবই সীমিত হয়ে আসছে।
থাইল্যান্ডের নুক এয়ারের সিইও প্যাটি সারাসিন বলেন, ভ্যালু অ্যালায়েন্স মাত্র পথচলা শুরু করেছে। এ অংশীদারিত্বের সম্পর্ক আরো গাঢ় করার ক্ষেত্রে নীতিনির্ধারণ ও অবকাঠামোর মতো বড় প্রতিবন্ধকতাগুলো রয়েই গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.