বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বর্তমান সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে (বিমান) লাভজনক ও নতুন নতুন রুট চালুসহ বিমানের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে।
সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদে নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুলের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিমান) বহরে যাত্রী পরিবহনের জন্য বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা ২১টি। এর মধ্যে ১৮ টি নিজস্ব বিমান এবং বাকি তিনটি লিজকৃত (ইজারা নেওয়া)।
উড়োজাহাজ বহর সম্প্রসারণের বিষয়ে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ রুট চালুর জন্য ২০২১ সালের ১৭ মার্চ থেকে ‘সিলেট-চট্টগ্রাম-সিলেট’, ২০২১ এর ৭ অক্টোবর থেকে ঢাকা-সৈয়দপুর, ২০২০ সালের ১২ নভেম্বর থেকে ‘সিলেট-কক্সবাজার ও কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।
মাহবুব আলী বলেন, ‘যাত্রী চাহিদা বিবেচনায় বর্তমানে পরিচালিত সব অভ্যন্তরীণ গন্তব্যে সাপ্তাহিক ফ্রিকোয়েন্সী বৃদ্ধি ও কিছুসংখ্যক অপ্রচলিত রুট যেমন: ‘যশোর-চট্টগ্রাম-যশোর’ রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ছোট আকারের উড়োজাহাজ সংগ্রহ করে দীর্ঘদিন স্থগিত থাকার পর দেশের সব অভ্যন্তরীণ গন্তব্যে বিমানের ফ্লাইট পরিচালনা শুরু করা হয়।’