চারদিনের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ঢল

শারদীয় দুর্গাপূজার ছুটির দিনে বাগেরহাটের মোংলার সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বনের বিভিন্ন স্পটে বিপুল সংখ্যক পর্যটকদের উপস্থিতি দেখা যায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সরকারি ছুটির দিনে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটিতে লোকসমাগম হয় সবচেয়ে বেশি।

এটি মোংলা থেকে নদী পথে সবচেয়ে কাছের পর্যটন কেন্দ্র। বছরের অধিকাংশ সময় এ কেন্দ্রটিতে দর্শণার্থীদের উপস্থিতি দেখাযায়। বুধবার করমজলে চার শতাধিক পর্যটকের আগমন ঘটেছে। যা চলতি সপ্তাহের বিগত দিনগুলোর তুলনায় সবচেয়ে বেশি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, দুর্গাপূজার ছুটিসহ বেশ কয়েকদিনের ছুটিতে পর্যটকদের আগমন বেড়েছে। এর আগে মঙ্গলবার দেড়শো, সোমবার ১০০, রোববার ২০০, শনিবার ২০০ ও শুক্রবার আড়াইশো পর্যটক আসে করমজলে। আর বুধবারই এসেছে চার শতাধিক পর্যটক।

তিনি আরও বলেন, যদিও এখন পর্যটন মৌসুম নয়। এ সময়টাতে সাধারণত পর্যটকশূন্য থাকে সুন্দরবন। কিন্তু পূজার ছুটিকে ঘিরে অধিকাংশ মানুষ সুন্দরবনসহ দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে আনন্দ উপভোগ করে সময় কাটাচ্ছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.