হজের খরচ কমলো, নিবন্ধনের সময় বাড়লো ২৭ মার্চ পর্যন্ত

চার দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজের খরচ কিছুটা কমানো হয়েছে। ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ২৭ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানোর কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার থেকেই এ নিবন্ধন চলবে বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় চতুর্থ দফায় নিবন্ধনের সময় বাড়ানো হয়।

গতকাল মঙ্গলবার হজ নিবন্ধনের চতুর্থ দফার শেষ দিন থাকলেও কাঙ্ক্ষিত সাড়া পায়নি ধর্ম মন্ত্রণালয়।

হজ নিবন্ধন পোর্টালের তথ্য অনুযায়ী, এখনো নিবন্ধনের বাকি ১১ হাজার ৬০৪ জন। এর মধ্যে সরকারিভাবে ৫ হাজার ১৭৩ আর বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধনের বাকি রয়েছে ৬ হাজার ৪৩১ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী প্রাক-নিবন্ধন সিস্টেমের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুক ২ লাখ ৪৯ হাজার ২২৪ জন প্রাক-নিবন্ধন করেছিলেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ৮ হাজার ৩৯১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ২ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

আগামী ২১ মে থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হবে। আগামী ২১ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৩০০১ নামে একটি ফ্লাইট ঢাকা ত্যাগ করবে হজযাত্রীদের নিয়ে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে।

এছাড়া এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.