পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী বাংলাদেশী হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হচ্ছে আজ। শেষ দিন শুধু সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) হজ ফ্লাইটের শিডিউল রয়েছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট আজ শেষ হচ্ছে বলে জানা গেছে।
এদিকে হজ ফ্লাইটের শেষ দিকে এসেও শতাধিক হজযাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। শুভ ইন্টারন্যাশনাল ও চট্টলা হজ ট্রাভেলস নামের বেসরকারি দুটি এজেন্সি প্রতারণার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। তবে হজ অফিস এবং হাব কর্তৃপক্ষের বিশেষ হস্তক্ষেপে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমেই প্রতারণার শিকার হজযাত্রীদের সৌদি আরব পাঠানোর চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হজ অফিসের আইটি বিভাগ সূত্র জানায়, ৪ আগস্ট থেকে রোববার দুপুর পর্যন্ত বিমানের ১৩০টি ফ্লাইটে ৪৪ হাজার ৮৭৪ এবং সৌদিয়ার ১৩৬টি ফ্লাইটে ৪৫ হাজার ১১৭ জনসহ ৮৯ হাজার ৯৯১ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৫৭৮ জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তাই বাকি দুই দিনে ১১ হাজারের বেশি হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে।
বিমানের টিকিট নিয়ে এজেন্সির প্রতারণার কারণে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন শতাধিক হজযাত্রী। হজে যাওয়ার আশায় ইহরামের কাপড় নিয়ে কয়েকদিন ধরে তারা আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করছেন। অবিলম্বে প্রতারক এজেন্সির বিরুদ্ধে শাস্তি এবং হজে পাঠানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে তারা। এ পরিপ্রেক্ষিতে হজ অফিস এবং হাব নেতারা প্রতারণার শিকার হজযাত্রীদের সৌদি আরব পাঠানোর উদ্যোগ নিচ্ছেন।
হাবের সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার জানান, শুভ ইন্টারন্যাশনাল ও চট্টলা হজ ট্রাভেলস নামে দুটি লিড এজেন্সি তাদের সহযোগী কয়েকটি এজেন্সির শতাধিক হজযাত্রীর বিমান টিকিট নিয়ে প্রতারণা করেছে। টিকিটের টাকা কৌশলে তারা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্যত্র সরিয়ে নেয়। এতে শতাধিক হজযাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়েন। তবে আমরা অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট এজেন্সিকে ধরে ওইসব হজযাত্রীকে সৌদি পাঠানোর ব্যবস্থা নিয়েছি। আশা করি তাদের কোনো সমস্যা হবে না। তিনি আরও বলেন, টিকিট নিয়ে প্রতারণা রোধে এবার সরকার বিশেষ উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে হজযাত্রী নিবন্ধনের সময় টিকিটের সমপরিমাণ টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমার শর্ত দেয়া হয়। এতে প্রতারণার কোনো সুযোগ থাকার কথা নয়। এরপরও প্রতারণার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যাংক এবং টিকিট সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায়ী থাকবে। হজ অফিসের পরিচালন ড. আবু সালেহ মোস্তফা কামাল এ বিষয়ে বলেন, প্রতারণার শিকার শতাধিক ব্যক্তিকে হজে পাঠানোর চেষ্টা করছি।
আরও খবর