হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী; হজের খরচ কমানোর আশ্বাস

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে সরাসরি ফ্লাইটে গিয়ে কুশল বিনিময় করেন।
এ সময় এক আবেগঘন পরিবেশে তিনি হজযাত্রীদের উদ্দেশে বলেন, “আপনারা আল্লাহর পবিত্র ঘরের মেহমান।
আপনাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই দেশ ও জাতির কল্যাণে আপনারা বিশেষভাবে দোয়া করবেন।” তিনি আরও যোগ করেন যে, সরকার যেন দেশের বর্তমান ও ভবিষ্যৎ সকল সংকট সফলভাবে মোকাবিলা করতে পারে এবং জনগণের ভাগ্য উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে পারে, সেজন্য আল্লাহর সাহায্য প্রয়োজন।
হজযাত্রীদের সুযোগ-সুবিধা নিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, “বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার আগেই হজের অনেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছিল।
তবুও আমরা চেষ্টা করে হজের খরচ অন্তত ১২ হাজার টাকা কমিয়েছি। আগামী বছরগুলোতে হজযাত্রীদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর পাশাপাশি খরচ কীভাবে আরও কমিয়ে আনা যায়, সে লক্ষ্যে আমাদের সরকার কাজ করবে।”
এদিন মূল অনুষ্ঠানের আগে রাত ১১টার দিকে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে তিনি সার্বিক প্রস্তুতি তদারকি করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ধর্ম মন্ত্রণালয় ও শাহজালাল বিমানবন্দরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবশেষে, বিমানে হজযাত্রীদের নিরাপদ সফর এবং দেশের সার্বিক সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রধানমন্ত্রী বিমানবন্দর ত্যাগ করেন।
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.