চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট আটক

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা।

রোববার (৩ মে) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাত প্রায় ১১টার দিকে আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর যৌথ দল অংশ নেয়। এছাড়াও বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স ইউনিট সহায়তা প্রদান করে।

অভিযান চলাকালে আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

এদিকে, মাস্কাট থেকে আসা SalamAir-এর ফ্লাইট ওভি-৪৯৩-এর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে আরও ২৮০ কার্টন সিগারেট জব্দ করা হয়। ওই যাত্রী মো. শামসুদ্দিন, যার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

জব্দ করা পণ্যসমূহ চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে আটক যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখার পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.