৫.৫ বিলিয়ন পাউন্ডে ইজিজেট কিনছে মার্কিন প্রতিষ্ঠান

বিমান সংস্থা ইজিজেট (EasyJet) যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাসললেকের (Castlelake) কাছ থেকে প্রায় ৫.৫ বিলিয়ন পাউন্ডের অধিগ্রহণ প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি দিয়েছে।

যুক্তরাজ্যের স্বল্পমূল্যের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইজিজেট (EasyJet) যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাসললেকের (Castlelake) কাছ থেকে প্রায় ৫.৫ বিলিয়ন পাউন্ডের অধিগ্রহণ প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি দিয়েছে। চুক্তিটি সম্পন্ন হলে ইজিজেট বিদেশি মালিকানায় চলে যাওয়া আরেকটি বড় ব্রিটিশ প্রতিষ্ঠানে পরিণত হবে। এ ঘোষণার পর সোমবার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম ১০ শতাংশেরও বেশি বেড়ে যায়।

ইজিজেট জানিয়েছে, ক্যাসললেক প্রতি শেয়ারের জন্য ৬ দশমিক ৯০ পাউন্ড দরে অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে। এটি মার্কিন প্রতিষ্ঠানটির পঞ্চম প্রস্তাব এবং আগের চারটি প্রস্তাবের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া হলে তারা এই মূল্য শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য সুপারিশ করতে প্রস্তুত।

যুক্তরাজ্যের অধিগ্রহণবিষয়ক নিয়ম অনুযায়ী, ক্যাসললেককে আগামী ৩ আগস্ট বিকেল ৫টার মধ্যে চূড়ান্ত প্রস্তাব দিতে হবে অথবা অধিগ্রহণ প্রক্রিয়া থেকে সরে যেতে হবে। ইজিজেটের অনুরোধে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

এর আগে ক্যাসললেক চার দফায় ইজিজেট অধিগ্রহণের চেষ্টা করলেও প্রতিবারই কোম্পানিটি তা প্রত্যাখ্যান করে। আগের প্রস্তাবগুলোর মধ্যে ছিল প্রতি শেয়ারে ৫.৬০, ৬.০০, ৬.২৫ এবং সর্বশেষ ৬.৫০ পাউন্ড। ইজিজেটের দাবি ছিল, এসব প্রস্তাবে কোম্পানির প্রকৃত মূল্যায়ন করা হয়নি।

তবে সর্বশেষ প্রস্তাবে ক্যাসললেক নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং অধিগ্রহণ-পরবর্তী পরিচালনা নিয়ে বিভিন্ন আশ্বাস দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইজিজেটের ভবিষ্যৎ প্রবৃদ্ধি, কর্মীদের স্বার্থ এবং ইউরোপের আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি কোম্পানির বহর আধুনিকায়ন কর্মসূচিকেও পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।

১৯৯৫ সালে স্যার স্টেলিওস হাজি-ইওয়ান্নু প্রতিষ্ঠিত ইজিজেট বর্তমানে ইউরোপের অন্যতম বৃহৎ স্বল্পমূল্যের এয়ারলাইন। তার পরিবার এখনও কোম্পানির ১৫ শতাংশের বেশি শেয়ারের মালিক। অধিগ্রহণ সম্পন্ন হলে তিনি উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাবেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল উত্তেজনা, জ্বালানির ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক বিমান চলাচল খাতের অনিশ্চয়তার কারণে ইজিজেটের শেয়ারের মূল্য চাপের মুখে ছিল। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ কমে যায় এবং এখনো মহামারির আগের অবস্থায় ফিরতে পারেনি।

উল্লেখ্য, ক্যাসললেকের ব্যবস্থাপনাধীন সম্পদের পরিমাণ প্রায় ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে প্রতিষ্ঠানটি দেউলিয়া স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সে (এসএএস) বিনিয়োগ করে পুনরুদ্ধারে ভূমিকা রাখে এবং পরে নিজেদের শেয়ার এয়ার ফ্রান্স-কেএলএমের কাছে বিক্রি করে। বর্তমানে ইজিজেট অধিগ্রহণের এই উদ্যোগ ইউরোপের বিমান শিল্পে অন্যতম আলোচিত করপোরেট চুক্তিতে পরিণত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.