বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের নতুন উৎপাদন লাইন চালু

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং তাদের বহুল বিক্রিত ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের উৎপাদন বাড়াতে ওয়াশিংটনের এভারেটে নতুন একটি অ্যাসেম্বলি লাইনের উদ্বোধন করেছে।

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং তাদের বহুল বিক্রিত ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের উৎপাদন বাড়াতে ওয়াশিংটনের এভারেটে নতুন একটি অ্যাসেম্বলি লাইনের উদ্বোধন করেছে। ১১ জুলাই চালু হওয়া এই ‘নর্থ লাইন’ প্রকল্পকে প্রতিষ্ঠানটির উৎপাদন পুনরুদ্ধার ও আস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

প্রায় ১ বিলিয়ন ডলারের এ বিনিয়োগের মাধ্যমে বোয়িং ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদন সক্ষমতা বাড়াতে চায়। উদ্বোধনী অনুষ্ঠানে শত শত কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানি পোপ বলেন, এভারেটে নতুন উৎপাদন লাইন চালু হওয়া প্রতিষ্ঠানটির জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

এভারেট কারখানাটি দীর্ঘদিন ধরেই বোয়িংয়ের বিভিন্ন জনপ্রিয় উড়োজাহাজের উৎপাদনকেন্দ্র হিসেবে পরিচিত। এতদিন ৭৩৭ ম্যাক্সের একমাত্র চূড়ান্ত সংযোজন কেন্দ্র ছিল রেন্টন প্ল্যান্ট। তবে সেখানে সম্প্রসারণের মতো পর্যাপ্ত জায়গা না থাকায় নতুন উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে এভারেটকে বেছে নেওয়া হয়েছে।

বোয়িং জানিয়েছে, নতুন লাইনটি ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় নেওয়া হবে। সাম্প্রতিক বছরগুলোতে ৭৩৭ ম্যাক্সকে ঘিরে নিরাপত্তা ও মাননিয়ন্ত্রণ-সংক্রান্ত বিতর্কের পর প্রতিষ্ঠানটি এবার সতর্কতার সঙ্গে উৎপাদন বাড়াতে চায়। নর্থ লাইনের সিনিয়র পরিচালক জেনিফার বোল্যান্ড-মাস্টারসন জানান, শুরুতে কম হারে উৎপাদন চলবে এবং পরে চাহিদা ও সক্ষমতার ভিত্তিতে তা বাড়ানো হবে।

ইতোমধ্যে এভারেট কারখানায় প্রথম ৭৩৭ ম্যাক্স ১০-এর ফিউজলাজ সংযোজনের কাজ শুরু হয়েছে। নতুন উৎপাদন লাইনের জন্য প্রায় এক হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে অর্ধেক রেন্টন কারখানা থেকে স্থানান্তরিত হচ্ছেন এবং বাকিরা নতুন নিয়োগপ্রাপ্ত।

২০১৮ ও ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্সের দুটি মর্মান্তিক দুর্ঘটনায় ৩৪৬ জন নিহত হওয়ার পর এই মডেলটি বোয়িংয়ের ইতিহাসের সবচেয়ে বড় সংকটের প্রতীক হয়ে ওঠে। পরবর্তী সময়ে নিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। নতুন অ্যাসেম্বলি লাইনের উদ্বোধন তাই শুধু উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নয়, বরং নিরাপত্তা ও গুণগত মানের প্রতি নতুন অঙ্গীকার হিসেবেও বিবেচিত হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.