২৯ অক্টোবর থেকে ঢাকা-নারিতা রুটে বিমানের দ্বিতীয় ফ্লাইট চালু

জাপানের সঙ্গে আকাশপথে যোগাযোগ আরও বাড়াতে ঢাকা-নারিতা রুটে দ্বিতীয় ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

জাপানের সঙ্গে আকাশপথে যোগাযোগ আরও বাড়াতে ঢাকা-নারিতা রুটে দ্বিতীয় ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় চলতি অক্টোবরের শেষ দিকে নতুন এই ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে সপ্তাহে দ্বিতীয় ফ্লাইট পরিচালনা শুরু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বর্তমানে ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহে একদিন, প্রতি সোমবার সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান। নতুন সূচি চালু হলে সোমবারের পাশাপাশি বৃহস্পতিবারও এই রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এতে বাংলাদেশ ও জাপানের মধ্যে যাত্রী পরিবহন এবং দুই দেশের মানুষের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ বুধবার বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি মাসের শেষ দিকে নারিতা রুটে দ্বিতীয় ফ্লাইট চালু হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফর শেষে আগামী ২৯ অক্টোবর টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

সফরকালে দুই দেশের অর্থনৈতিক, অবকাঠামোগত ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে অন্তত চারটি স্বাক্ষরিত হতে পারে।

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি। বিশেষ করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল এবং জাপানের অর্থায়নে নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে ঘিরে নতুন বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হবে।

জাপানপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে। জাপান বিএনপির সভাপতি মীর রেজা জানিয়েছেন, আগামী ২৮ অক্টোবর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রবাসীদের যাতায়াতের চাহিদা বিবেচনায় নিয়ে সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

এর আগে এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত ২৭ জুলাই ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করে বিমান। বাণিজ্যিক সক্ষমতা, উড়োজাহাজের সীমাবদ্ধতা ও পরিচালন ব্যয়ের কারণে ২০২৫ সালের ১ জুলাই এই রুটে ফ্লাইট বন্ধ করা হয়েছিল।

বর্তমান সরকারের উদ্যোগে রুটটি পুনরায় চালুর পর এবার ফ্লাইটের সংখ্যা বাড়ানো হচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসা, পর্যটন, বিনিয়োগ ও প্রবাসীদের যাতায়াত আরও গতিশীল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহত্তর টোকিও অঞ্চলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার নারিতা বিমানবন্দর জাপানের সঙ্গে বাংলাদেশের সরাসরি আকাশ যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN