যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন কংগ্রেসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সাব-কমিটির শুনানিতে প্যানেল আলোচকদের বক্তব্যে বাংলাদেশকে তুলে ধরা হলো সংঘাতময় এক দেশ হিসেবে। যে দেশটি বহুমুখী সমস্যায় আক্রান্ত। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে ইসলামি জঙ্গিবাদের উত্থানকে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে অনুষ্ঠিত এই শুনানিতে অধিকাংশ প্যানেল আলোচক তাদের বক্তব্যে নেতিবাচক বিষয়গুলো তুলে ধরলেও উল্লেখ করেননি বাংলাদেশের সাফল্যের কথা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ওয়াশিংটন থেকে টেলিফোনে ইত্তেফাককে জানান—প্যানেল আলোচকরা শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করেছেন। তিনি বলেন—এ ব্যাপারে অধ্যাপক আলী রীয়াজের দৃষ্টি আকর্ষণ করা হলে বিরতির পর তিনি বাংলাদেশের বেশ কিছু সাফল্য, বিশেষ করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরেন।
