মধ্যেপ্রাচ্যের কারাগার থেকে খালিহাতে ফিরেছেন ১৩৯ কর্মী

oman-sromikএভিয়েশন নিউজ: মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশের পুলিশ বৈধ-অবৈধ বাংলাদেশী শ্রমিকদের আটক করে খালিহাতে দেশে ফেরত পাঠাচ্ছে। গত রোববার পৃথক দু’টি ফাইটে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১৩৯ জন শ্রমিককে খালিহাতে দেশে ফেরত পাঠায়। তারা সবাই দেশটির কারাগারে অন্তরীণ ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, গত রোববার ভোররাতে সংযুক্ত আরব আমিরাতের সরকারি বিমান সংস্থা ইত্তিহাদ এয়ারওয়েজের একটি ফাইটে ৯৭ জন শ্রমিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আউট পাসে ফিরে আসা শ্রমিকদের ইমিগ্রেশনে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়।

এর আগে গত ১৮ মে দুপুর ১২টায় সৌদি এয়ারলাইন্সের (এসবি-৮০৮) একটি ফাইটে ৪২ জন শ্রমিক আউট পাসে দেশে ফিরে আসেন। খালিহাতে দেশে ফেরা প্রত্যেকের পরনে ছিল সৌদি আরবের জাতীয় পোশাক জুব্বা। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। গত রাতে বিমানবন্দর ইমিগ্রেশনের ওসি (এএসপি) মফিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, ইমিগ্রেশনের তিন শিফটের দায়িত্ব পালন করেন তিনজন ওসি। এই দু’টি ঘটনার সময় তার দায়িত্ব ছিল না। তাই তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিমানবন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মধ্যেপ্রাচ্যের দেশ আবুধাবি, সৌদি আরব থেকে প্রতিদিন আউট পাসে শ্রমিকদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। যাদের ফেরত পাঠানো হচ্ছে, তারা কেউ এক বছর, কেউ পাঁচ বছর আবার কেউ তিন মাস ধরে অবস্থান করছিলেন। তিনি বলেন, যারা ফেরত আসছে, তাদের মধ্যে অবৈধ এবং বৈধ শ্রমিকও রয়েছেন। যারা বৈধ তাদের ভিসা বাতিল করে আউট পাস দিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে দেশটির সরকার। এর আগে দেশটির পুলিশ তাদের গ্রেফতার করে। এরপর টিকিট কেটে ফেরত পাঠায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.