বাংলাদেশে ব্রিটিশ ‘ভিজিট ভিসা’ ২৮% বেড়েছে

বাংলাদেশে যুক্তরাজ্যের ‘ভিজিট ভিসা’ ইস্যু করার হার ২৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। তিনি গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন ব্যবস্থা নিয়ে ফেসবুক লাইভ সেশনে এ কথা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন বিভাগের আঞ্চলিক পরিচালক হ্যারি বুটি। ফেসবুক লাইভ সেশনে জানানো হয়, গত এক বছরে যুক্তরাজ্য বাংলাদেশে ১৭ হাজার ২১টি ভিজিট ভিসা ইস্যু করেছে। এটি আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেশি। এ ছাড়া গত এক বছরে ‘টায়ার-৪’ শিক্ষার্থী ভিসা ইস্যু করেছে এক হাজার ৬৩৩টি। এটিও আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেশি।

ফেসবুক লাইভে ব্রিটিশ কর্মকর্তারা আরো জানান, গত এক বছরে বাংলাদেশে ‘টায়ার-২’ ভিসা’ ইস্যুর হার আগের বছরের চেয়ে ৫৮ শতাংশ বেড়ে ৩৪৭-এ উন্নীত হয়েছে। গত জুন পর্যন্ত এক বছরে যুক্তরাজ্য বাংলাদেশে মোট ২৪ হাজার ৬২১টি ভিসা দিয়েছে। এটি মোট ভিসা আবেদনের ৬৪ শতাংশ। ফেসবুকে যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার ও ভিসা ও অভিবাসন বিভাগের আঞ্চলিক পরিচালক। যুক্তরাজ্যে ‘টায়ার-৪’ ভিসা নিয়ে পড়ালেখা করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য ২০২১ সালে চালু হতে যাওয়া নতুন সুযোগ সম্পর্কেও তাঁরা জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.