ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন রোববার ভারত সফরে এসেছেন। সেদিন রাতেই মুম্বাইয়ের হোটেল তাজ মহল প্যালেসে তাঁদের সৌজন্যে একটি দাতব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বলিউডের সব নামী তারকা ছুটে আসেন রাজদম্পতির সঙ্গে একটুখানি সময় কাটাতে। তোলেন সেলফি, করেন টুইট।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিল কাপুর, সোনম কাপুর, অর্জুন কাপুর, ঋষি কাপুর, নিতু সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ, আলিয়া ভাট, পরিণীতি চোপড়া ও হুমা কুরায়েশির মতো তারকারা।
গায়ক ও সংগীত পরিচালক শংকর মহাদেবন অনুষ্ঠানে গান গেয়ে শোনান। নৃত্য পরিবেশন করেন কোরিওগ্রাফার শাম্যাক দাভার। শুরুতেই প্রিন্স উইলিয়ামের সংক্ষিপ্ত বক্তৃতা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। বলিউড সদস্যদের পক্ষ থেকে সেখানে শুভেচ্ছা বক্তব্য দেন শাহরুখ ও ঐশ্বরিয়া।