ইউএস বাংলা’র একটি ফ্লাইটে দেশে ফিরছেন আমিরাতে উদ্ধার হওয়া তিন নারী

এভিয়েশন নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে দালালদের প্রতারণার শিকার তিন নারীকে উদ্ধার করে সোমবার রাতেই দেশে পাঠানোর ব্যবস্থা করেছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। স্থানীয় সময় রাত ১২টায় ইউএস বাংলা’র একটি ফ্লাইটে দেশে ফিরছেন তারা।

ডান্স ক্লাবে কাজের আশ্বাস দিয়ে ঢাকা, ঝালকাঠি ও মুন্সিগঞ্জের ওই তিন নারীকে আমিরাতে এনে অনৈতিক কাজে বাধ্য করে একটি দালাল চক্র। খবর পেয়ে দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানের নির্দেশে দেশটির ফুজাইরাহ সিটি টাওয়ার হোটেল থেকে শনিবার তাদের উদ্ধার করেন স্থানীয় বাংলাদেশ সমিতি ও চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

প্রতারণার শিকার নারীরা জানান, দেশ থেকে বলা হয়েছিল আমিরাতে গেলে ডান্স ক্লাবে কাজ দেওয়া হবে তাদের। বেতন মাসে ৫০ হাজার টাকা। এ জন্য কাউকে অগ্রিম দেওয়া হয় ৪০ হাজার, কাউকে ২০ হাজার টাকা। তিন মাসের ভ্রমণ ভিসায় আমিরাতে এসে ঠাঁই হয় বিভিন্ন ক্লাবে। দালালরা তাদের বাধ্য করে অনৈতিক কাজে।

এভাবেই কাটে সাত মাস। দিন দিন অবিচারের মাত্রা বাড়তে থাকলে তিন নারী প্রতিবাদ জানান। দালালরা এরপর তাদের খাবার বন্ধ করে দিয়ে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। একপর্যায়ে তারা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করে উদ্ধারের আকুতি জানান। পরে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান তাদের উদ্ধার তৎপরতা শুরু করেন।

চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মাহাবুব জানান, এসব নারীকে ডান্স ক্লাবে কাজ দেয়ার কথা বলে নিয়ে আসা হলেও দালাল চক্র তাদের অবৈধ কাজে বাধ্য করে। এই দালাল চক্রের মূলহোতা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজিম এবং আমিরাতে মধ্যস্থতা করছে নাজিম ও আলমগীর নামে দুজন। এরা বিভিন্ন হোটেলের সাথে যুক্তি করে দেশ থেকে নারী শ্রমিক নিয়ে আসে। পরে তাদের অনৈতিক কাজে বাধ্য করে।

ফুজাইরা বাংলাদেশ সমিতির সভাপতি তপন সরকার জানান, দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেলের দেয়া তথ্য অনুযায়ী শনিবার এই তিন নারীকে উদ্ধার করতে সক্ষম হন তারা। দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন হোটেলে রাখা হচ্ছিল।

এ ব্যাপারে জানাতে চাইলে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান  বলেন, উদ্ধার তিন নারীকে শারজা বাংলাদেশ সমিতির ও কমিউনিটির সহযোগিতায় সোমবার রাতে ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে করে দেশে পাঠানো হচ্ছে। এই কাজের সঙ্গে জড়িতের ব্যাপারে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ইউএস বাংলার বিশেষ এই ফ্লাইটে ১৬১ আমিরাত প্রবাসী দেশে ফিরছেন।

Comments (0)
Add Comment