করোনাভীতির মধ্যেই ডানা মেলেছে আন্তর্জাতিক ফ্লাইট।
আপাতত অনুমতি মিলেছে মাত্র দুটি গন্তব্যের।
যুক্তরাজ্যের লন্ডন আর কাতারের দোহা।
তাও আবার লন্ডন ফ্লাইট এখনই নয়। শুধু দোহার পথেই গতকাল মঙ্গলবার পাখা মেলেছে যাত্রীবাহী ফ্লাইট।
করোনা মহামারিতে ধুঁকতে থাকা আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইটের অবশেষে ওড়ার সুযোগ পেল দুই মাস ২৫ দিন পর।
তবে আকাশ পুরোপুরি মুক্ত নয়, আছে বিভিন্ন দেশের নানা নিষেধাজ্ঞা। তার পরও নিস্তব্ধতা ভেঙে ফের মুখর হলো আকাশপথ।
শিগগিরই বাংলাদেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে আরো চারটি বিদেশি এয়ারলাইনস।
এতে দীর্ঘ অপেক্ষার পর উচ্চমূল্যের চার্টার্ড ফ্লাইটের বদলে নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরতে পারবেন আটকে পড়া প্রবাসীরা।
তবে বাংলাদেশে ঢুকতে লাগবে করোনা মুক্তির সনদ।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, এমিরেটস, এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই এবং তুরস্কের টার্কিশ এয়ারলাইনস বাংলাদেশে ফ্লাইট চালুর জন্য বেবিচকের কাছে অনুমতি চেয়েছে।
এর মধ্যে টার্কিশ এয়ারলাইনস ১ জুলাই থেকে এবং বাকিরা অনুমতি পেলেই ফ্লাইট চালু করতে চায়।