৯ এলাকায় হেলিকপ্টারে যাবেন ভোটগ্রহণ কর্মকর্তারা

ঢাকা: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিন পার্বত্য জেলার ৯ এলাকায় হেলিকপ্টার যোগে ভোটকেন্দ্রে যাবেন ভোটগ্রহণ কর্মকর্তারা। এজন্য ব্যবহার করা হবে সেনাবাহিনীর হেলিকপ্টার।

সম্প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে- র‍াঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি ও বর্মছড়ি এবং বান্দবান জেলার রুমা, থানচি ও আলীকদম উপজেলার ভোটকেন্দ্রে নির্বাচনী উপকরণসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিবহনের জন্য হেলিকপ্টার ব্যবহার প্রয়োজন হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় হেলিকপ্টার ব্যবহারের ব্যয় নির্বাচন কমিশন বহন করবে বলেও উল্লেখ করা হয়েছে।

রাঙ্গামাটি পুরো জেলার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন। আর বান্দরবান ও খাগড়াছড়ির সংশ্লিষ্ট এলাকায় নির্বাচন হবে আগামী ২৩ এপ্রিল।

এবার দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ভোটগ্রহণ। চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে ৭ মে। এরপর পঞ্চম ও ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউপি নির্বাচন শেষ হবে আগামী ৪ জুন।

Comments (0)
Add Comment