শাহজালালে পরিত্যক্ত উড়োজাহাজ বিক্রির উদ্যোগ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও অপারেশনাল অ্যাপ্রোন এলাকায় প্রায় ১১ বছর ধরে পড়ে রয়েছে ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও অপারেশনাল অ্যাপ্রোন এলাকায় প্রায় ১১ বছর ধরে পড়ে রয়েছে ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ। একসময় হাজার কোটি টাকা মূল্যের এসব উড়োজাহাজ দীর্ঘদিন রোদবৃষ্টিতে পড়ে থেকে এখন কার্যত ভাঙারিতে পরিণত হয়েছে। উড্ডয়নের অনুপযোগী হয়ে পড়া উড়োজাহাজগুলো সরিয়ে বিমানবন্দরের মূল্যবান জায়গা উদ্ধার করতে এবার সেগুলো স্ক্র্যাপ বা ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এ বিষয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও প্রচেষ্টার পর গত রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে। আগামী এক মাসের মধ্যে দরপত্র আহ্বান করে উড়োজাহাজগুলো বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিকে সরকারি পাওনার কিছু অংশ আদায়, অন্যদিকে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ জায়গা দখলমুক্ত করার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই উড়োজাহাজগুলো বিক্রির চেষ্টা চলছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর দ্রুত দরপত্র আহ্বান করে বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিত্যক্ত ১২টি উড়োজাহাজের মধ্যে আটটি ইউনাইটেড এয়ারওয়েজের, দুটি রিজেন্ট এয়ারওয়েজের, একটি জিএমজি এয়ারলাইন্সের এবং অন্যটি অ্যাভিয়েন চার্টারের। এসব উড়োজাহাজ প্রায় এক লাখ ৯২ হাজার ১০০ বর্গফুট মূল্যবান অ্যাপ্রোন এলাকা দখল করে রেখেছে। ফলে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ও কার্গো ভিলেজ সম্প্রসারণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

উড়োজাহাজগুলো বিক্রির জন্য ২০২১ ও ২০২২ সালে একাধিকবার দেশি-বিদেশি দরপত্র আহ্বান করা হলেও উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় ইঞ্জিন, অ্যাভিওনিকস, ককপিটের যন্ত্রপাতি ও ল্যান্ডিং গিয়ার নষ্ট হয়ে গেছে। পাশাপাশি ড্যাশ-৮, এমডি-৮৩ ও বোয়িং ৭৩৭-৩০০-এর মতো পুরোনো মডেলের উড়োজাহাজগুলোর যন্ত্রাংশের বাজারও সীমিত। এ ছাড়া মালিকানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যাংকঋণ ও অন্যান্য আইনি জটিলতা থাকায় ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন না।

অন্যদিকে, এসব উড়োজাহাজের পার্কিং ফি ও সারচার্জ জমতে জমতে চারটি প্রতিষ্ঠানের কাছে বেবিচকের পাওনা দাঁড়িয়েছে প্রায় চার হাজার কোটি টাকা। এর মধ্যে জিএমজি এয়ারলাইন্সের কাছে তিন হাজার কোটি টাকার বেশি, ইউনাইটেড এয়ারওয়েজের কাছে প্রায় ৪০০ কোটি টাকা বকেয়া রয়েছে। বাকি অর্থ রিজেন্ট ও অ্যাভিয়েন চার্টারের কাছে পাওনা।

বেবিচক জানিয়েছে, আন্তর্জাতিক মান অনুযায়ী উড়োজাহাজগুলোর মূল্য নির্ধারণে বিশেষায়িত প্রতিষ্ঠান প্রয়োজন। তবে এ কাজে যে ব্যয় হবে, তা বিক্রয়মূল্যের চেয়েও বেশি হতে পারে। তাই ভিত্তিমূল্য নির্ধারণ ছাড়াই আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রির অনুমোদন চাওয়া হয়েছে।

উল্লেখ্য, জিএমজি এয়ারলাইন্স ২০১২ সালে, ইউনাইটেড এয়ারওয়েজ ২০১৬ সালে এবং রিজেন্ট এয়ারওয়েজ ২০২০ সালে কার্যক্রম বন্ধ করে দেয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ২৬ মে উড়োজাহাজগুলো আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করে বেবিচক। এবার সেগুলো বিক্রির মাধ্যমে বিমানবন্দরকে দখলমুক্ত করার পাশাপাশি সরকারি পাওনা আদায়ের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment