কাতারের কার্গো ফ্লাইটে ঢাকায় আসায় ফেরত গেল ডেনিস কন্যা লিয়া

কাতার এয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছে বেবিচক

কাতার এয়ারের কার্গো ফ্লাইটে একজন যাত্রী ঢাকায় আসার পর তাকে ফেরত পাঠানো হয়েছে। তার নাম এসজোগ্রেন লিয়া লান্ড। তিনি ডেনমার্কের নাগরিক। এ ঘটনায় কাতার এয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ডেনমার্কের নাগরিক লিয়া লান্ডের বাংলাদেশে আসার কথা ছিল আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হয়ে কাজ করার জন্য। তিনি একজন মেডিক্যাল বিশেষজ্ঞ।

বাংলাদেশে আসার পরিকল্পনা অনুযায়ী গত মে মাসে ডেনমার্কের কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস থেকে ভিসাও নিয়েছিলেন। তিনিসহ চারজন বাংলাদেশে আসবেন এমন কূটনৈতিক বার্তাও পাঠানো হয়েছিল। তার আসার কথা ছিল যাত্রী ফ্লাইটে।

কিন্তু তিনি তা না করে মঙ্গলবার রাতে কার্গো ফ্লাইটে চলে আসেন। এরপর নিয়মানুযায়ী ইমিগ্রেশনে দাঁড়ানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি বলতে বাধ্য হন কাতার এয়ারের কার্গো ফ্লাইটে ঢাকায় আসার কথা। এ নিয়ে রাতে হৈ চৈ পড়ে বিমান বন্দরে।

কাতার এয়ারওয়েজই বা কেন তাকে নিয়ে এলো তা নিয়ে বিস্ময় সৃষ্টি হয়। নিয়ম অনুযায়ী, কার্গো ফ্লাইটে করে এভাবে যাত্রী পরিবহনের সুযোগ নেই। বিষয়টি আইকাও রুলের লঙ্ঘন হওয়ায় রাতেই তাকে ডিপোর্ট করা হয়।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএস তৌহিদুল ইসলাম বলেছেন, ওই যাত্রীকে নিয়ম অনুযায়ী রাতে ডিপোর্ট করা হয়েছে। এভাবে আসার কোন নিয়ম নেই। নিয়ম লঙ্ঘন করেছেন বলেই তাকে ফেরত পাঠানো হয়েছে।

-জনকন্ঠ

Comments (0)
Add Comment