বর্তমান করোনাভাইরাস মহামারিকে একটি বড় যুদ্ধ পরিস্থিতি উল্লেখ করে মধ্যপ্রাচ্যসহ এসময়ে পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের দুর্দশা
লাঘবে সচেষ্ট থাকার জন্য বাংলাদেশের সব বৈদেশিক মিশনপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২৫ জুন) মধ্যপ্রাচ্যের ৯টি দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মন্ত্রী এ আহ্বান জানান।
এ সময় ড. মোমেন প্রবাসী শ্রমিকদের রেমিটেন্সযোদ্ধা উল্লেখ করে তাদের কেউ যেন না খেয়ে থাকে
সেটা নিশ্চিত করতে রাষ্ট্রদূতদের সচেষ্ট থাকতে নির্দেশনা দেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বালাদেশের কৃষি শ্রমিকরা অত্যন্ত দক্ষ।
তিনি বাংলাদেশের শ্রমিকদের জন্য কৃষি উৎপাদন, মৎস্য চাষসহ বিভিন্ন ক্ষেত্রে বিকল্প শ্রমবাজার অনুসন্ধানে রাষ্ট্রদূতদের সক্রিয় থাকতে নির্দেশনা দেন।
করোনা পরবর্তী পৃথিবীর খাদ্য চাহিদা পূরণে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কৃষিকাজে বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।