ব্যক্তিগতভাবে করোনা টেস্ট করিয়ে বিপাকে মোহাম্মদ হাফিজ

পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার হাফিজ ইংল্যান্ড সফরের আগে ব্যক্তিগত উদ্যোগে করোনাভাইরাস টেস্ট করিয়ে বিপাকে পড়েছেন।
তাঁর এমন কাজ ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ব্যক্তিগতভাবে করোনা টেস্ট করার আগে হাফিজের অবশ্যই পিসিবির সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল
বলে মনে করেন বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান।
সম্প্রতি ক্রিকেটবাজ নামক এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার পিসিবি ইংল্যান্ড সফরের দলে থাকা ক্রিকেটারদের করোনা টেস্ট করে। যেখানে হাফিজসহ আরও ১০ জন ক্রিকেটারের করোনা পজিটিভ আসে।
এরপরের দিন ব্যক্তিগত উদ্যোগে আবার করোনা টেস্ট করেন হাফিজ।
আর সেখানে করোনা নেগেটিভ আসে এবং সেই রিপোর্ট টুইটারে ছবিসহ আপ করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, এমন কাজ করে হাফিজ বোর্ডের প্রটোকল ভেঙেছেন।
তিনি বলেন, ‘হাফিজের সঙ্গে কথা বলেছি আজ এবং যেভাবে পুরো ব্যাপারটি সে ঘটিয়েছে তাতে আমাদের হতাশার কথা তাকে পরিষ্কার করেছি।
ব্যক্তিগতভাবে পরীক্ষা করানোর পুরো অধিকার তাঁর আছে। কিন্তু এর আগে তাঁর আমাদের সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল।
কারণ, সে আমাদের জন্য ঝামেলা তৈরি করেছে। হাফিজের নিয়ম ভাঙার ঘটনা এই প্রথম নয়।’

Comments (0)
Add Comment