বিশ্বকাপ সামনে রেখে বিদেশি সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র
ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিদেশি ফুটবল সমর্থকদের জন্য বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের অফিসিয়াল টিকিটধারী দর্শকদের জন্য ভিসা বন্ড নীতি স্থগিত করেছে দেশটি। ফলে খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়া সমর্থকদের আর সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে না।
বুধবার (১৪ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়, বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী দেশগুলোর যেসব সমর্থক ফিফার মাধ্যমে ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন, তারা এই সুবিধা পাবেন।
এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি নাগরিকদের জন্য বিশেষ ভিসা বন্ড নীতি চালু করেছিল। ওই নীতির আওতায় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরের আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতো। নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে গেলে সেই অর্থ ফেরত দেওয়ার কথা ছিল।
মার্কিন প্রশাসনের দাবি ছিল, কিছু দেশের নাগরিকদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা বেশি। পাশাপাশি নিরাপত্তা বিবেচনায়ও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। বৃহত্তর অভিবাসন নিয়ন্ত্রণ পরিকল্পনার অংশ হিসেবেই চালু করা হয় নীতিটি।
বর্তমানে প্রায় ৫০টি দেশের নাগরিক এই ভিসা বন্ড ব্যবস্থার আওতায় রয়েছেন। এর মধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার মতো দেশ। ফলে ওই দেশগুলোর সমর্থকদের যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
তবে নতুন সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। এর আগে খেলোয়াড়, কোচ ও টিম কর্মকর্তাদেরও এই বন্ড নীতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যাতে তাদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী সচিব মোরাহ নামদার বলেন, “ইতিহাসের সবচেয়ে বড় ও সেরা ফিফা বিশ্বকাপ আয়োজন করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। যোগ্য সমর্থকদের জন্য আমরা ভিসা বন্ড ব্যবস্থা প্রত্যাহার করছি।”
তিনি জানান, যারা ১৫ এপ্রিলের মধ্যে দ্রুত ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য চালু করা ‘ফিফা পাস’ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছেন, তারাই এই সুবিধা পাবেন।
ফিফাও সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্র সরকার ও হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের সঙ্গে দীর্ঘ আলোচনার ফল হিসেবেই এই ছাড় এসেছে। সফল ও স্মরণীয় বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে সহযোগিতার জন্য মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ফিফা।