ভারত করোনার দুর্যোগের মধ্যে নতুন দুর্যোগের আশংকায় পড়েছে। টিবি রোগে দেশটিতে ৯৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে। আর চীনে এ রোগে ১৩ হাজার মানুষ মারা যাওয়ার শংকা রয়েছে।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম জিনিউজ ইউরোপিয়ান রেসপিরাটোরি জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দিন দিন ভারতে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সেজন্য অধিক হাসপাতালে করোনা রোগীই বেশি। ফলে ব্যাহত হচ্ছে টিবির পরীক্ষা ও পর্যালোচনা। এর ফলেই প্রায় ৯৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই জার্নালে।
ওই জার্নালে এমনও জানানো হয়েছে, টিবির এই ভয়াবহতা দেখতে মিলতে পারে চীন ও দক্ষিণ আফ্রিকাতেও।
যদিও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য টিবির সংক্রমণ দ্রুত ছড়াতে পারবে না তাও ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে ১ লাখ ১০ হাজার মানুষের প্রাণ হারানোর আশংকা রয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, চীনে ১৩ হাজার, দক্ষিণ আফ্রিকায় ৬ হাজার ও ভারতের ৯৫ হাজার মানুষ টিবির কবলে প্রাণ হারাতে পারেন। পরিস্থিতি খারাপ হলে মৃত্যুর সংখ্যা ২ লক্ষও ছুঁতে পারে।
সারা বিশ্বের মোট টিবির ৪০ শতাংশই হতে পারে এই তিন দেশে বলে উল্লেখ করা হয়েছে, ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের যৌথ গবেষণায়।